নিম্ন আয়ের মানুষদের আরও দেড় লাখ খাবার দেবে রোটারি
করোনার কারণে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষদের মাঝে আরও দেড় লাখ খাবার পৌঁছে দেয়ার কর্মসূচি শুরু করেছে রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮১। এছাড়াও আরও তিন হাজার পরিবারকে এক মাসের জীবনধারণের সমপরিমাণ আর্থিক ও খাদ্য সহায়তা দেয়া হবে।
শনিবার (২৭ জুন) রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮১ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার জেলা গভর্নর এম খায়রুল আলম এই কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে রোটারিয়ান স্বেচ্ছাসেবকদের সামাজিক দূরত্ব বজায় রেখে কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বারোপ করেন তিনি। এছাড়াও আর্থিক সহায়তা প্রদানের ক্ষেত্রে মোবাইল মানি ট্রান্সফার ব্যবহারের পরামর্শ দেন।
উল্লেখ্য, দেশব্যাপী কোভিড-১৯ এর বিস্তার শুরুর পর থেকে দেশের রোটারি ক্লাবগুলো একযোগে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। এই কর্মসূচির মধ্যে রয়েছে দরিদ্র শ্রমজীবীদের মাঝে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ, সচেতনতামূলক পুস্তিকা বিতরণ, খাবার বিতরণ, টেলিমেডিসিন কলসেন্টার স্থাপন, পিপিই প্রদান, অক্সিজেন পুল গঠন এবং মানুষের বিকল্প কর্মসংস্থানে সহায়তা করা।
রোটারি ফাউন্ডেশনের সহায়তায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোয় বিনামূল্যে কোভিড-১৯ টেস্ট কিট প্রদান ও ভেন্টিলেটর স্থাপনের একাধিক প্রজেক্টও বাস্তবায়ন করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
রোটারির করোনাকালীন এই সেবাগুলো সম্প্রতি আন্তর্জাতিক রোটারি কনভেনশনে ভূয়সী প্রশংসা লাভ করে। আন্তর্জাতিক রোটারি ফাউন্ডেশনও বাংলাদেশের এই উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান করেছে।
গভর্নর জানান, যতদিন বাংলাদেশে কোভিড-১৯ এর প্রকোপ থাকবে ততদিন রোটারি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই সংকট মোকাবিলায় বাংলাদেশের জনগণের জন্য কাজ করে যাবে।
বিএ/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ ‘ফুটওভার ব্রিজগুলোর মালিক আসলে হকাররা, আমরাই জোর করে ব্যবহার করি’
- ২ চুয়াডাঙ্গা ও হবিগঞ্জের পুলিশ সুপারকে বদলি
- ৩ নারীর সম্পত্তির পূর্ণ অংশ নিশ্চিতে বিকল্প আইনি পথ খোঁজার আহ্বান
- ৪ অর্থনৈতিক স্থিতিশীলতায় পরিকল্পনা প্রণয়নে ৭ মন্ত্রীকে নিয়ে কমিটি
- ৫ অনলাইনে মানুষের কঙ্কাল বিক্রি, জড়িত ডেন্টালের দুই ছাত্র: ডিএমপি