২৮ অক্টোবর
আওয়ামী লীগ-বিএনপির কাছে বিকল্প ভেন্যুর নাম চেয়েছে ডিএমপি
আগামী ২৮ অক্টোবর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করতে চায় বিএনপি। এদিন বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে শান্তি সমাবেশ করতে অনুমতি চেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগও। তবে দল দুটির কাছে বিকল্প ভেন্যুর নাম চেয়েছে পুলিশ।
আওয়ামী লীগের সমাবেশের অনুমতির আবেদনের জবাবে পাল্টা চিঠি দেয় পুলিশ। চিঠিতে লোক সমাগমের সময়, সংখ্যা, বিস্তৃতিসহ নানা তথ্য চেয়েছে পুলিশ। পাশাপাশি জননিরাপত্তাজনিত কারণে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশের অনুমতি দেওয়া না গেলে কোথায় হতে পারে এমন বিকল্প দুটি নাম চেয়েছে।
বৃহস্পতিবার জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন।
আরও পড়ুন: আওয়ামী লীগের সমাবেশের বিকল্প ভেন্যু চেয়েছে পুলিশ
এদিকে মহামাবেশের অনুমতির আবেদনের জবাবে বিএনপিকে পাল্টা চিঠি দিয়েছে ডিএমপি। চিঠিতে লোক সমাগমের সময়, সংখ্যা, বিস্তৃতিসহ নানা তথ্য চাওয়া হয়েছে। এছাড়া জননিরাপত্তাজনিত কারণে নয়াপল্টনে সমাবেশের অনুমতি দেওয়া না গেলে কোথায় হতে পারে এমন বিকল্প দুটি নাম চাওয়া হয়েছে।
এ বিষয়ে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন মিয়া জানান, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে চিঠি দেওয়া হয়েছে।
আরও পড়ুন: বিএনপির মহাসমাবেশে অন্য দলের কর্মী থাকবে কি না জানতে চায় ডিএমপি
চিঠিতে উল্লেখ করা হয়, সমাবেশের লোক সমাগম কখন শুরু হবে এবং সমাবেশ কখন শেষ হবে? সমাবেশে কী পরিমাণ লোক হবে? সমাবেশটি নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ঠিক কোন কোন স্থানে পর্যন্ত বিস্তৃত হবে? সমাবেশে বক্তব্য প্রচারের জন্য কোন কোন স্থানে মাইক স্থাপন করা হবে? সমাবেশে অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করবেন কি না? সমাবেশে অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার জন্য নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োগ করা হবে কি না? হলে, তার সংখ্যা কত? জননিরাপত্তাজনিত কারণে নয়াপল্টনে অনুমতি দেওয়া সম্ভব না হলে বিকল্প দুটি ভেন্যুর নামও প্রস্তাব করতে বলা হয়েছে।
জানা গেছে, আগামী ২৮ অক্টোবর শনিবার বিকেলে ঢাকায় বিএনপির সমাবেশের দিন বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে শান্তি সমাবেশের ডাক দিয়েছে আওয়ামী লীগ। সেখানে বিএনপির থেকেও বড় জমায়েত করতে চায় ক্ষমতাসীন দলটি।
এসইউজে/টিটি/বিএ/জিকেএস
সর্বশেষ - জাতীয়
- ১ কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে আহতদের সরকারের অর্থ সহায়তা
- ২ জুলাই সনদ নিয়ে গণভোটের দাবি সংবিধানের ওপর প্রতারণা: আইনমন্ত্রী
- ৩ চার ঘণ্টা লাইনে থেকেও তেল মিললো না, মোটরসাইকেল চালকদের ক্ষোভ
- ৪ সংবিধান সংস্কার হয় না বরং স্থগিত বা সংশোধন হয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৫ ঢাকায় অবৈধ নাইট কোচ কাউন্টার অপসারণে ৭ দিনের আলটিমেটাম