ঢাকার চারপাশের সার্কুলার নৌরুট ফের চালু করা হবে: প্রতিমন্ত্রী
রাজধানী ঢাকার চারপাশের নদীগুলো ব্যবহার উপযোগী করে নৌপথে সার্কুলার রুট পুনরায় চালু করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।
বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে নৌপরিবহন প্রতিমন্ত্রীর পক্ষে প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে তিনি এ তথ্য জানান।
স্বতন্ত্র সদস্য আখতারউজ্জামানের সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ঢাকার চারপাশের নদীগুলোকে কেন্দ্র করে সার্কুলার রুট চালু করা হয়েছিল। কিন্তু কিছু সমস্যার কারণে এই রুটটি এখন বন্ধ। তবে রুটটি চালু করার ব্যাপারে একটি সমীক্ষা চলছে। সমীক্ষার পর নৌপরিবহন মন্ত্রণালয় সার্কুলার রুটটি পুনরায় চালু করবে।
তিনি আরও জানান, এই নৌরুটে কিছু ব্রিজ রয়েছে। এই ব্রিজগুলোর কারণে নৌযান চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। এই ব্রিজগুলো অপসারণের পরই রুটটি সচল করা হবে।
স্বতন্ত্র সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামের এক প্রশ্নে জবাবে প্রতিমন্ত্রী জানান, দেশে ড্রেজিং সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সরকারি-বেসরকারি পর্যায়ে ড্রেজার ক্রয়ের ব্যবস্থা নেওয়া হয়েছে। সারাদেশের নদ-নদীগুলো খনন ও পুনর্জীবিত করার ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশের নৌপথকে ১০ হাজার কিলোমিটারে উন্নয়ন ও সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া নৌদুর্ঘটনা প্রতিরোধকল্পে বিআইডব্লিউটিসি কর্তৃক বেশকিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।
আইএইচআর/এমআরএম/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ গুরুত্বপূর্ণ ইস্যুতে ঐকমত্য গঠনে সরকারি ও বিরোধীদলীয় চিফ হুইপের আলোচনা
- ২ লালবাগে নির্মাণাধীন ভবনের পাশে মিললো বৃদ্ধের রক্তাক্ত মরদেহ
- ৩ ঐক্যবদ্ধ বাংলার জনগণ, গণঅসহযোগে তীব্র আন্দোলন
- ৪ দুদকের মামলা ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক, দাবি সাবেক হুইপ সামশুলের
- ৫ পাকিস্তানি ব্র্যান্ডের পোশাককে বাংলাদেশি দাবি, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা