ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

বাংলাদেশের প্রথম সেনাপ্রধানের মৃত্যুতে সেনাবাহিনীর শোক

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৮:৪৭ এএম, ২৭ জানুয়ারি ২০২৫

বীর মুক্তিযোদ্ধা এবং সাবেক সেনাপ্রধান মেজর জেনারেল কে এম সফিউল্লাহ, বীর উত্তম মৃত্যুবরণ করেছেন। সোমবার (২৬ জানুয়ারি) সকাল ৮টা ৪৫ মিনিটে সিএমএইচে মৃত্যুবরণ করেন তিনি।

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, কে এম সফিউল্লাহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গত ২ জানুয়ারি থেকে সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি ১৯৩৪ সালের ২ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের রূপগঞ্জে জন্মগ্রহণ করেন। মেজর জেনারেল কে এম সফিউল্লাহ ১৯৫৫ সালে ১২তম পিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের সঙ্গে পাঞ্জাব রেজিমেন্টে কমিশন লাভ করেন। তিনি মহান মুক্তিযুদ্ধে সেক্টর-৩ এর সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।

তার অধীন 'এস ফোর্স' মুক্তিযুদ্ধে বাংলাদেশ বাহিনীর তিনটি নিয়মিত ব্রিগেডের একটি ব্রিগেড হিসেবে বেশকিছু গুরুত্বপূর্ণ অভিযানে অংশগ্রহণ করে।

তিনি ১৯৭২ সালের ৭ এপ্রিল থেকে ১৯৭৫ সালের ২৪ আগস্ট পর্যন্ত বাংলাদেশের প্রথম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

মরহুম মেজর জেনারেল কে এম সফিউল্লাহর নামাজে জানাজা সোমবার বিকেল ৪টায় ঢাকা সেনানিবাসের সেনা কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয়।

জানাজায় নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, প্রাক্তন সেনাবাহিনী প্রধানরা, ঢাকা ও মিরপুর সেনানিবাসের সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সদস্যরা উপস্থিত ছিলেন।

জানাজা শেষে মরদেহ দাফন করা হয় বনানী সামরিক কবরস্থানে।

টিটি/এমএইচআর/জিকেএস