ঢাকা-৫
রাতে জামায়াত ভোট জালিয়াতির চেষ্টা করেছে: নবী উল্লাহ
ঢাকা-৫ আসনের বিএনপি প্রার্থী নবী উল্লাহ নবী, ছবি: জাগো নিউজ
গতরাতে জামায়াতে ইসলামের প্রার্থী ভোট জালিয়াতির চেষ্টা করেছে, নেতাকর্মী ও জনগণের সহযোগিতায় তা প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছেন ঢাকা-৫ আসনের বিএনপি প্রার্থী নবী উল্লাহ নবী।
সুষ্ঠু ভোট হলে দুই লাখ ভোটের ব্যবধানে জয়ী হবেন বলেও মন্তব্য করেন ধানের শীষে এই প্রার্থী।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) যাত্রাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেওয়ার পর এক প্রতিক্রিয়ায় তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, আমি যাত্রাবাড়ী বালক বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমার ভোট দিয়েছি। ভোট কেন্দ্রের অবস্থা আপাতত স্বাভাবিক, ভোট চলছে। গতরাতে জামায়াত ইসলামের যে একটা পরিকল্পনা ছিল গুপ্তবাহিনী তারা জাল ভোটের মাধ্যমে ভোট দেওয়ার অপচেষ্টা করছিল। প্রশাসনও ব্যাহত করে দিয়েছে এবং আমাদের জনগণের প্রতিরোধের মুখে কয়েকটা কেন্দ্রের মধ্যে তারা জাল-জালিয়াতি ভোট দিতে পারেনি।
কোনো কেন্দ্র ঝুঁকিপূর্ণ মনে করছেন কি না জানতে চাইলে তিনি বলেন, এখন তো সময় অনেক আছে। সারা ঢাকা-৫ আসনের ১৫০টি কেন্দ্রে আমি যাবো। আমি এই মাত্র আমার একটা কেন্দ্রে ঢুকলাম। অধিকাংশ কেন্দ্রে যাওয়ার পর আমি বুঝতে পারবো যে স্বাভাবিক ভোট হবে কি না বা জাল-জালিয়াতি ভোট হবে কি না, এটা ১২টার পর বোঝা যাবে।
তবে আমাদের নেতাকর্মীরা অত্যন্ত সক্রিয় যাতে জাল-জালিয়াতি বা ভোট চুরি না হয় এবং কেন্দ্র দখল যাতে না হয়। আমরা চাই একটা স্বাভাবিক নিরপেক্ষ নির্বাচন হোক। এটা আমরা সবসময় চেয়ে আসছি এবং স্বাভাবিক নির্বাচন, নিরপেক্ষ নির্বাচনই আমরা চাই।'
জয়ের বিষয়ে আপনি কতটা আশাবাদী জানতে চাইলে বিএনপির প্রার্থী নবী উল্লাহ বলেন, আমি তো ২০১৮ সালের সেই দুঃসময়ের নির্বাচনে প্রার্থী হয়েছিলাম। সেই ভোটারবিহীন নির্বাচনে আমি ২ ঘণ্টায় ৭০ হাজার ভোট পেয়েছিলাম। সারা বাংলাদেশে আমি ৩ নম্বর হয়েছিলাম বিএনপির প্রার্থীর মধ্যে। তবে এটা যদি স্বাভাবিক ও সুষ্ঠু নির্বাচন সারাদিন চলে, তো ইনশাল্লাহ ২ লাখ ভোটে আমি পাস করবো।
ভোটের ফলাফল মেনে নেবেন কি না এ বিষয়ে তিনি বলেন, জয়ের ব্যাপারে তো আমি ১০০ ভাগ আশাবাদী। যদি জাল-জালিয়াতি না হয় বা কেন্দ্র দখল না হয়, ডিজিটাল কায়দায় কোনো চুরি না হয়, তাহলে আমি প্রায় ২ লাখ ভোটে জয়যুক্ত হবো ইনশাল্লাহ।
ঢাকা-৫ আসনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১২টি ওয়ার্ডে মোট ১৫০টি কেন্দ্রের ৭৮১টি কক্ষে ভোটগ্রহণ হচ্ছে।
এ আসনে মোট ভোটার ৪ লাখ ১৯ হাজার ৯৯৬ জন। এরমধ্যে পুরুষ ২ লাখ ১৪ হাজার ৫৯৪ জন ও নারী ভোটার ২ লাখ ৫ হাজার ৩৯৭ জন।
রাজধানীর যাত্রাবাড়ী ও ডেমরা, কদমতলী (আংশিক) থানা নিয়ে গঠিত ঢাকা-৫ সংসদীয় আসন। এ আসনে রয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪৮, ৪৯, ৫০, ৬২, ৬৩, ৬৪, ৬৫, ৬৬, ৬৭, ৬৮, ৬৯ ও ৭০ নম্বর ওয়ার্ড।
ঢাকা-৫ আসনে মোট প্রার্থী ১১ জন। বিএনপির প্রার্থী মো. নবী উল্লাহ নবী (ধানের শীষ প্রতীক), বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহাম্মদ কামাল হোসেন (দাঁড়িপাল্লা প্রতীক), ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর হাজী মো. ইবরাহীম (হাতপাখা প্রতীক)। মূলত এ তিন প্রার্থীর মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হবে।
আরএমএম/এসএনআর