অস্ট্রেলিয়া থেকে পুরান ঢাকায়, সকালেই হাজির ভোটকেন্দ্রে
ভোট দিচ্ছেন অস্ট্রেলিয়া প্রবাসী শাহাবুদ্দিন আহমেদ, ছবি: জাগো নিউজ
অস্ট্রেলিয়া প্রবাসী শাহাবুদ্দিন আহমেদ। প্রায় তিন মাস আগে দেশে এসেছেন। এবার দেশে অবস্থানকালে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। সকাল সকাল হাজির হন ভোটকেন্দ্রে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ভোটকেন্দ্রে ভোট দেন শাহাবুদ্দিন। ভোটার স্লিপ সংগ্রহ করে নির্ধারিত বুথে গিয়ে ভোট প্রদান শেষে একাই বের হয়ে আসেন তিনি। কেন্দ্রের তিনতলার একটি বুথে ভোট দেওয়ার পর সিঁড়ি বেয়ে নামার সময় জাগো নিউজের সঙ্গে কথা বলেন তিনি।
শাহাবুদ্দিন আহমেদ জাগো নিউজকে বলেন, পরিবারের সদস্যরা বর্তমানে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন। তিনিও বেশিরভাগ সময় সেখানে থাকেন। তবে নিজের ব্যবসা ও বাড়ির দেখভালের জন্য বছরে এক-দুবার দেশে আসা হয়। এবার দেশে এসে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন বলে ভালো লাগছে।
সকালে ভোট দিতে আসার কারণ সম্পর্কে তিনি বলেন, বেলা বাড়লে ভোটারদের চাপ বাড়ে। তাই সকালেই এসে ভোট দেওয়ার চেষ্টা করেছি। এখন সারাদিন নির্বাচনের খোঁজখবর রাখতে পারব।
কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার মোস্তাফিজুর রহমান জাগো নিউজকে বলেন, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ভোটকেন্দ্রে মোট ভোটার সংখ্যা তিন হাজার ৭৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক হাজার ৫৩৩ জন এবং নারী ভোটার এক হাজার ৫৪৫ জন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৪, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫ ও ৪৬ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা-৬ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯২ হাজার ২৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৫১৯ জন এবং নারী ভোটার ১ লাখ ৩৯ হাজার ৭৬১ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন তিনজন।
পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদানের জন্য নিবন্ধিত ভোটার সংখ্যা ২ হাজার ৮৪৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ হাজার ৮৩ জন এবং নারী ভোটার ৭৬২ জন। প্রদানকৃত পোস্টাল ব্যালটের ভোট গণনা করা হবে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে। অন্যদিকে সাধারণ ভোটগুলো সংশ্লিষ্ট ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই গণনা করা হবে।
ঢাকা-৬ আসনে এবারের নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন ধানের শীষ প্রতীকে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. আব্দুল মান্নান দাঁড়িপাল্লা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়া জাতীয় পার্টির প্রার্থী আমির উদ্দিন আহমেদ (ডালু) লাঙ্গল প্রতীকে, গণঅধিকার পরিষদের (জিওপি) প্রার্থী মো. ফখরুল ইসলাম ট্রাক প্রতীকে, বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী মো. আক্তার হোসেন হারিকেন প্রতীকে, গণফ্রন্টের প্রার্থী আহমেদ আলী শেখ মাছ প্রতীকে এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মো. ইউনুস আলী আকন্দ ডাব প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছেন।
নির্বাচন ঘিরে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
এমডিএএ/এমএমএআর
সর্বশেষ - রাজনীতি
- ১ মেয়ের হাত ধরে ভোট দিলেন সত্তোর্ধ্ব রাবেয়া, প্রত্যাশা দেশের ভালো
- ২ ভোটার-এজেন্টদের বাধা দিয়ে দেউলিয়াত্ব প্রকাশ করছে ‘একটি দলের কর্মীরা’
- ৩ বারিধারা ডিওএইচএসে সকাল ১০টা পর্যন্ত ভোট পড়েছে ১০.৭২ শতাংশ
- ৪ আগের রাতের অপপ্রচারে কেন্দ্রে ভোটার কম আসছে: এম এ কাইয়ুম
- ৫ ভোটের মাধ্যমে শহীদ ও নিখোঁজ সহযোদ্ধাদের সম্মান জানিয়েছি