ঢাকা-১১ আসন
বাড্ডার দুই কেন্দ্রে দেড় ঘণ্টায় ভোট পড়েছে ৩৬৩টি
ঢাকা-১১ আসন: বাড্ডার দুই কেন্দ্রে দেড় ঘণ্টায় ভোট পড়েছে ৩৬৩টি
ঢাকা-১১ আসনের বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুটি কেন্দ্রে প্রথম দেড় ঘণ্টায় ভোট পড়েছে ৩৬৩টি। এ বিদ্যালয়ে একটি কেন্দ্রে ভোটার ৩ হাজার ৩৫৭টি এবং আরেকটা কেন্দ্রে ভোটার ৩ হাজার ৩৯৮টি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিদ্যালয়ের দুটি কেন্দ্রের দায়িত্বে থাকা দুজন প্রিসাইডিং অফিসারের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

বিদ্যালয়টিতে দুটি কেন্দ্র (২২ ও ২৩)। দুই কেন্দ্রেই শুধু নারী ভোটার। ২২ নম্বর কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. আব্দুল হামিদ বলেন, সকাল ৭টা ৩২ মিনিট থেকে ভোটগ্রহণ শুরু করেছি। সকাল ৯টা পর্যন্ত আমার ২২ নম্বর কেন্দ্রে ভোট পড়েছে ২০৬টি। এখানে মোট ভোটার ৩ হাজার ৩৫৭টি। সে হিসাবে সকাল ৯টা পর্যন্ত মোট ভোটারের ৬ দশমিক ১৪ শতাংশ ভোটার ভোট দিয়েছেন।

বিদ্যালয়ে ২৩ নম্বর কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. আরাফাত হোসেন। তিনি জানান, তার কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৩৯৮টি। সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ১৫৭টি। সেই হিসাবে ভোট পড়েছে ৪ দশমিক ৬২ শতাংশ।
দুই কেন্দ্রেই ভোটারদের লাইন দেখা গেছে। কোনো বুথই ফাঁকা পড়ে থাকছে না। ভোটাররা আসছেন এবং ভোট দিয়ে চলে যাচ্ছেন। সকাল থেকে এ পর্যন্ত কোনো কেন্দ্রে কোনো অসঙ্গতি বা বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি।
এএএইচ/এমআরএম