ভিডিও ENG
  1. Home/
  2. রাজনীতি

সাংবাদিকদের লাঠিপেটা

জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জামায়াতের

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৮:৩২ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের লাঠিপেটায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সেই সঙ্গে তারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে এ নিন্দা জানান।

তিনি বলেন, ‘রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় চলমান মাদকবিরোধী অভিযানের সময় সাংবাদিকদের ওপর পুলিশের লাঠিপেটার ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। এই ঘটনায় অন্তত তিন সাংবাদিক গুরুতরভাবে আহত হয়েছেন। তারা হলেন তোফায়েল (বাংলা নিউজ), আকাশ (এনপিবি নিউজ) ও কাওসার আহমেদ রিপন (আজকের পত্রিকা)।’

প্রত্যক্ষদর্শীদের বরাতে বিবৃতিতে জানানো হয়, সাংবাদিকরা সাধারণত পেশাদারত্বের সঙ্গে ঘটনা সরাসরি সম্প্রচার করছিলেন, যা গণমাধ্যমের মৌলিক স্বাধীনতা ও সংবাদ সংগ্রহের অধিকার। পুলিশি হস্তক্ষেপে তাদের ওপর অযাচিত সহিংসতা চালানো কোনোভাবে গ্রহণযোগ্য নয়।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘আমরা সবাইকে মনে করিয়ে দিতে চাই, সাংবাদিকতা হলো জনগণের স্বার্থে সত্য তথ্য প্রকাশ করার পেশা এবং তা কোনোভাবেই নির্যাতনের মাধ্যমে দমন করা যায় না।’

সরকারের কাছে সংবাদপত্র ও সাংবাদিকদের নিরাপত্তা বিধানের জোর দাবি জানিয়ে তিনি বলেন, ‘আহত সাংবাদিকদের দ্রুত সুচিকিৎসা নিশ্চিত করার এবং যথাযথ তদন্তের মাধ্যমে দোষী পুলিশকর্মীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’

আরএএস/একিউএফ