ভিডিও ENG
  1. Home/
  2. রাজনীতি

জামায়াতে ইসলামী

আওয়ামী লীগের অফিস খুলে দেওয়ায় জনগণের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৪:৩৯ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

প্রায় দেড় বছর বন্ধ থাকা অফিস খুলে আওয়ামী লীগের দলীয় কার্যক্রম পরিচালনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে এ উদ্বেগ জানান।

বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ একটি নিষিদ্ধ (কার্যক্রম নিষিদ্ধ) দল। তাদের রাজনৈতিক বা প্রশাসনিক কোনো কার্যক্রম পরিচালনার বৈধ এখতিয়ার নেই। সাম্প্রতিক জাতীয় নির্বাচনের আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আরও কতিপয় নেতা প্রকাশ্যে বলেছেন যে- বিএনপি সরকার গঠন করতে সক্ষম হলে আওয়ামী লীগের নেতাকর্মীদের মামলা থেকে মুক্তি, নিরাপত্তা ও বিশেষ সুবিধা দেওয়া হবে। তাদের এ ধরনের বক্তব্যের সুযোগ নিয়ে নিষিদ্ধ দলটি আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছে। বিশেষত, শাসক দলের ‘ছাড় দেওয়ার মানসিকতা’ তাদের প্রত্যাশাকে উসকে দিচ্ছে। আমি সরকারের ‘ছাড় দেওয়ার মানসিকতায়’ গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

আরও পড়ুন
সিটি করপোরেশনে দলীয় প্রশাসক নিয়োগ জন-আকাঙ্ক্ষার পরিপন্থি: জামায়াত 
হাসনাত কই, লীগ তো দোকান খোলা শুরু করছে: পাটওয়ারী 

বিবৃতিতে আরও বলা হয়, আওয়ামী লীগ দেশের বিভিন্ন জায়গায় তাদের দলীয় অফিস খুলে জয় বাংলা স্লোগান দিচ্ছে এবং ভীতিকর পরিবেশ সৃষ্টি করছে। ফলে জনগণের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে এবং উদ্বেগ, উৎকণ্ঠা বিরাজ করছে। দেশে আবারও অতীতের জুলুম-নির্যাতনের পুনরাবৃত্তির আশঙ্কা সৃষ্টি হচ্ছে। এক্ষেত্রে সরকার ও প্রশাসনের কোনো কার্যকর পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না।

দেশবাসীর সামনে সরকারের দৃঢ় অবস্থান স্পষ্ট করার দাবি জানিয়ে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, দেশের শান্তি, আইনশৃঙ্খলা এবং নাগরিকদের নিরাপত্তা রক্ষায় অবিলম্বে দৃঢ় ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। পতিত ফ্যাসিবাদী শক্তিকে কোনো ধরনের সুযোগ দেওয়া জাতির জন্য আত্মঘাতি ছাড়া আর কিছু নয়। দেশ ও জনগণের নিরাপত্তা রক্ষা করা সরকারের অঙ্গীকার এবং সাংবিধানিক দায়িত্ব।

পাশাপাশি জামায়াতে ইসলামী দেশের সর্বস্তরের জনগণকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যাপারে সতর্ক, সজাগ ও সচেতন থাকার আহ্বান জানিয়েছে।

আরএএস/কেএসআর