ভিডিও ENG
  1. Home/
  2. রাজনীতি

প্রশ্ন পাটওয়ারীর

মসজিদের সামনে যেসব গরিব মানুষ বসে থাকে, তারা কি ফ্যামিলি কার্ড পেয়েছে?

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৮:৫৮ পিএম, ১৬ মার্চ ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আপনারা যারা ফ্যামিলি কার্ড দিচ্ছেন, আগে মসজিদগুলোর সামনে যাবেন; যে গরিব মানুষগুলা বসে থাকে তারা কি ফ্যামিলি কার্ড পেয়েছে?

তিনি বলেন, আমরা শুনতে পাচ্ছি ফ্যামিলি কার্ডের নামে মানুষের কাছ থেকে ৫০০-৬০০ টাকা করে দুর্নীতির মাধ্যমে নিয়ে যাওয়া হচ্ছে এবং দুর্নীতির একটা মহোৎসব তারা শুরু করছে।

সোমবার (১৬ মার্চ) রাজধানীর মিরপুরে দলের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন
মন্ত্রী এমপি ডাক্তার ইঞ্জিনিয়ার—সবাই ফ্যামিলি কার্ড পাবেন: প্রধানমন্ত্রী

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আপনি পাঁচ হাজার টাকা আলেমদের দিলে হবে না। পাঁচ হাজার টাকা একজন পুরোহিতকে দিলে হবে না। বরং তার স্ট্রাকচারাল কাঠামো চেঞ্জ করতে হবে। আপনি একদিকে আলেমদের পেটাবেন ইন্ডিয়ান বাহিনী নিয়ে এসে আরেকদিকে তাদের পাঁচ হাজার টাকা ধরিয়ে দেবেন। এটা আসলে নতুন বাংলাদেশ না। এ জন্য বেফাকুল মাদরাসা আরাবিয়া রয়েছে, তাদের একটা দীর্ঘদিনের কর্মসূচি রয়েছে। তাদের একটা সনদ বা স্বীকৃতি প্রয়োজন। আপনর পাঁচ হাজার টাকা তাদের দরকার নাই। আপনি তাদের স্বীকৃতি দেন।

তিনি বলেন, আমরা বলেছিলাম যখন ক্ষমতায় যাবো, আলেমদের স্বীকৃতি বাস্তবায়ন করবো। যদি তাদের স্বীকৃতি বাস্তবায়ন করতে হয় তাহলে আপনার এই ভিক্ষার টাকা তাদের নিতে হবে না। তারা নিজেরাই ইনকাম করে ইনশআল্লাহ বাংলাদেশে বাস্তবায়ন করতে পারবে তাদের স্বপ্নগুলো। এজন্য আমরা বলবো স্ট্রাকচারাল মৌলিক পরিবর্তন আনেন, তাহলে বাংলাদেশের মানুষ শান্তি পাবে।

পাটওয়ারী আরও বলেন, কিছু বললেই বিএনপি বলে আমরা নাকি সবকিছুর সমালোচনা করি। আমরা আপনাদের সমালোচনা করি না, আমরা আপনাদের বিষয়গুলো আলোচনা করি যাতে আপনারা শুধরান। কারণ আমরা চাই না আপনি হাসিনার মতো ফ্যাসিস্ট হয়ে ওঠেন। অলরেডি হওয়া শুরু করেছেন।

এনএস/বিএ