গণভোটের রায় অমান্য করে স্বৈরাচারের পথে বিএনপি: মামুনুল হক
বাংলাদেশ খেলাফত মজলিসের মাসিক বৈঠক
গণভোটের রায় অমান্য করে বিএনপি স্বৈরাচারের পথে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
তিনি বলেন, যে সংবিধানের দোহাই দিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা আজীবন ক্ষমতায় থাকার চেষ্টা করেছিলেন, গণভোটের মাধ্যমে জনগণ সুনির্দিষ্ট বিষয়ে সুস্পষ্ট রায় দেওয়ার পরও বিএনপি সেই সংবিধান সংস্কার করতে চায় না; বরং তারা এতে কিছু সংশোধনী এনে আরও ভয়ংকর স্বৈরাচারী রূপে আবির্ভূত হতে চায়।
শনিবার (৪ এপ্রিল) দুপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মাসিক বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমেদের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
মাওলানা মামুনুল হক বলেন, সংসদে সংখ্যাগরিষ্ঠতার জোরে বিএনপি গণভোটে নির্দিষ্ট বিষয়ে জনগণের সুস্পষ্ট রায় অমান্য করছে। পৃথিবীর কোনো সভ্য দেশে সরকার নিজ জনগণের সঙ্গে এমন দৃষ্টতা প্রদর্শন করেছে এমন নজির আমাদের জানা নেই।
আরও পড়ুন
বিএনপি জনগণের কাছে দেওয়া ওয়াদা লঙ্ঘন করেছে: জামায়াত আমির
তিনি বলেন, বিগত অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অসংখ্য অধ্যাদেশ তারা এখন বাতিল ও সংশোধন করছে; অথচ এসব অধ্যাদেশ জারির সময় তারা কোনো বিরোধিতা করেনি। বরং ক্ষেত্রবিশেষে কিছু অধ্যাদেশকে স্বাগত জানিয়েছে এবং কিছু তাদের দাবির প্রেক্ষিতে জারি হয়েছিল। এসব কর্মকাণ্ডের মাধ্যমে বিএনপি সরকার মূলত গণভোটের রায়কে অমান্য করছে, যা একটি ভয়ংকর সংকটের সূচনা।
বৈঠকে দলের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, নায়েবে আমির মাওলানা রেজাউল করীম জালালী, মুফতি সাঈদ নূর, মাওলানা কোরবান আলী কাসেমী, যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা আব্দুল আজীজ, মুফতি শরাফত হোসাইন, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, মাওলানা শরীফ সাইদুর রহমান উপস্থিত ছিলেন।
বক্তরা বৈঠকে সাম্প্রতিক সময়ে সংস্কৃতি মন্ত্রীর বিভিন্ন মন্তব্য ও সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে বলেন, ব্রাহ্মণ্যবাদী আধিপত্যকে তোষণ করতে গিয়ে ইসলাম ও মুসলমানদের তাহজিব-তামাদ্দুনবিরোধী কার্যক্রম সরকারকে জনগণের মুখোমুখি দাঁড় করাতে পারে।
আরএএস/ইএ
সর্বশেষ - রাজনীতি
- ১ গণভোটের রায় কার্যকরের দাবিতে কর্মসূচি ঘোষণা বাংলাদেশ খেলাফত মজলিসের
- ২ গণভোটের রায় অমান্য করে স্বৈরাচারের পথে বিএনপি: মামুনুল হক
- ৩ সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা
- ৪ ড. ইউনূসসহ সাবেক উপদেষ্টাদের রাজপথে নামার আহ্বান নাহিদের
- ৫ ক্ষমতা চিরস্থায়ী নয়, মানুষের সেবাই রাজনীতির মূল দায়িত্ব: দুলু