সমাজসেবক মারুফ
মেধাবী ছাত্ররা যেন অর্থ সংকটে ঝরে না পড়ে
ইউনাইটেড ফর পিস ইন বাংলাদেশের চেয়ারম্যান, সমাজসেবক ও গবেষক আমেরিকান প্রবাসী কাওছার এ মারুফের মিশর সফর উপলক্ষে তাকে বিশেষ সম্মাননা স্মারক ও সংবর্ধনা দিয়েছে আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা।
সম্প্রতি আল-আজহার বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে সাইমুম আল-মাহদী আজহারী ও সিফাতুল্লাহ আস-সালেহর সঞ্চালনায় সভাপতিত্ব করেন আনোয়ার হোসাইন আজাদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-আজহার বিশ্ববিদ্যালয়ের শাইখুল আজহারের উপদেষ্টা ও উলুমুল ইসলামিয়া বিভাগের ডিন ড. নেহলা সাঈয়িদী হাফিজাহুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে সংবর্ধিত হন কাওছার এ মারুফ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আনাস বিন মামুন আল-আজহারী। পরে প্রধান অতিথির বক্তব্যে ড. নেহলা সাঈয়িদী কাওছার এ মারুফকে মিশরের মাটিতে স্বাগত জানিয়ে তার সমাজসেবামূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।
তিনি বলেন, বর্তমান বিশ্বের সংকটময় সময়ে মানবজাতির মুক্তির পথ কোরআনের নির্দেশনা ও মহানবীর আদর্শে নিহিত। বিশেষ করে তরুণ প্রজন্মকে কুরআনের জ্ঞান ও নৈতিকতায় আলোকিত হওয়ার আহ্বান জানান তিনি।
আল-আজহারে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের প্রতি গভীর মমত্ববোধ প্রকাশ করে তিনি বলেন, শিক্ষার্থীদের যে কোনো সমস্যা সমাধানে তিনি সর্বদা সচেষ্ট থাকবেন। ‘ছাত্রদের জন্য আল-আজহারের দরজা সবসময় খোলা’-এই আশ্বাসে শিক্ষার্থীদের মাঝে উৎসাহ ও অনুপ্রেরণা সৃষ্টি হয়।

সংবর্ধিত অতিথির বক্তব্যে কাওছার এ মারুফ সুন্দর আয়োজনের জন্য শিক্ষার্থীদের ধন্যবাদ জানান। তিনি যুক্তরাষ্ট্রের একটি মানবিক দৃষ্টান্ত তুলে ধরে বলেন, সেখানে এক দানবীর ব্যক্তি মেডিকেল শিক্ষার্থীদের আজীবনের পড়াশোনার সম্পূর্ণ ব্যয়ভার বহনের ঘোষণা দিয়েছেন, যা বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশেও অনেক বিত্তশালী মানুষ রয়েছেন, তবে শিক্ষাক্ষেত্রে বিনিয়োগের মানসিকতা এখনও পর্যাপ্তভাবে গড়ে ওঠেনি।
তিনি শিক্ষার্থীদের একে অপরের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, যেন কোনো মেধাবী ছাত্র অর্থ সংকটে পড়াশোনা থেকে ঝরে না পড়ে।
আল-আজহারের শিক্ষার্থীদের জন্য ‘মিনহা’ (বৃত্তি) ও আর্থিক সহায়তা নিশ্চিত করতে তিনি ব্যক্তিগতভাবে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবেন বলেও আশ্বাস দেন।
অনুষ্ঠানে মিশরে অবস্থানরত বিভিন্ন বাংলাদেশি ছাত্র সংগঠনের নেতা, আল-আজহারের বিভিন্ন অনুষদে অধ্যয়নরত বিপুলসংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এমআরএম/এমএস