ভিডিও ENG
  1. Home/
  2. প্রবাস

মালয়েশিয়ায় পুলিশের হাতে আটক অসুস্থ বাংলাদেশির পরিচয় খুঁজছে হাইকমিশন

আহমাদুল কবির | মালয়েশিয়া | প্রকাশিত: ১০:১৫ এএম, ০৭ ফেব্রুয়ারি ২০২৬

মালয়েশিয়ায় গুরুতর অসুস্থ অবস্থায় আটক এক বাংলাদেশি কর্মীর পরিচয় শনাক্তে সহায়তা চেয়েছে বাংলাদেশ হাইকমিশন। শুক্রবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে হাইকমিশন জানায়, গত ২৭ ডিসেম্বর মালয়েশিয়ান পুলিশ পেরাক রাজ্যের তেলোক ইনতান এলাকা থেকে ওই বাংলাদেশি কর্মীকে আটক করা হয়।

হাইকমিশনের তথ্যমতে, আটক ব্যক্তি অবৈধ প্রবেশকারী ছিলেন এবং তার কাছ থেকে পাসপোর্ট, ভিসা কিংবা জাতীয় পরিচয়পত্রসহ কোনো বৈধ কাগজপত্র উদ্ধার করা যায়নি। গ্রেফতারের সময় তিনি গুরুতর অসুস্থ থাকায় পুলিশ তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতাল বাহাগিয়া উলু কিন্তা, পেরাক-এ ভর্তি করে।

পরে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি বাংলাদেশ হাইকমিশনকে অবহিত করলে, হাইকমিশনের একজন প্রতিনিধি ২৯ জানুয়ারি ২০২৬ হাসপাতালে গিয়ে ওই বাংলাদেশি কর্মীকে সরেজমিনে পরিদর্শন করেন।

হাসপাতাল সূত্র জানায়, বর্তমানে ওই কর্মী কথা বলতে কিংবা লিখতে সম্পূর্ণ অক্ষম। এ কারণে তার নাম-পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। দায়িত্বরত চিকিৎসকের বরাত দিয়ে জানানো হয়, তিনি বর্তমানে মানসিকভাবে সুস্থ নন এবং বিশেষ চিকিৎসার আওতায় রয়েছেন।

এই প্রেক্ষাপটে, মালয়েশিয়ায় অবস্থানরত কোনো প্রবাসী বাংলাদেশির কাছে যদি ওই ব্যক্তির বিষয়ে নাম, পরিচয় কিংবা আত্মীয়-স্বজনের কোনো তথ্য জানা থাকে, তাহলে দ্রুত বাংলাদেশ হাইকমিশনকে অবহিত করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে হাইকমিশন।

একই সঙ্গে মানবিক দায়িত্ববোধ থেকে প্রয়োজনীয় তথ্য দিয়ে একজন অসহায় প্রবাসীকে তার পরিচয় ও পরিবারের কাছে ফিরিয়ে দিতে সহযোগিতা করার জন্য সবার সহযোগিতা কামনা করেছে বাংলাদেশ হাইকমিশন।

এমআরএম/এমএস