মিশরে গণহত্যা দিবস পালন
কায়রোর বাংলাদেশ দূতাবাসে গণহত্যা দিবস পালন
বিশ্বের প্রাচীন সভ্যতার দেশ মিশরের রাজধানী কায়রোর বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে গণহত্যা দিবস পালন করা হয়েছে।
বুধবার (২৫ মার্চ) দূতাবাসের সম্মেলন কক্ষে ঘরোয়া পরিবেশে অনুষ্ঠিত অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও ২৫ মার্চের গণহত্যায় নিহত এবং মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করেন নোমান উদ্দিন আজহারী।

২৫ মার্চের গণহত্যায় নিহত এবং মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করার পর দিবসটি উপলক্ষে ঢাকা থেকে পাঠানো রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শোনান দূতাবাসের ‘ডেপুটি চিফ অব মিশন’ গৌতম কুমার দে ও শ্রম সচিব জাকির হোসেন প্রমুখ।
শহীদদের স্মৃতির প্রতি মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করার পর রাষ্ট্রদূত সামিনা নাজ তার সংক্ষিপ্ত বক্তব্যে গভীর শ্রদ্ধা ও বিনম্রতার সঙ্গে স্মরণ করেন ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত্রি এবং মহান মুক্তিযুদ্ধ জুড়ে আত্মোৎসর্গকারী সব শহীদকে।
তিনি নতুন সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন এবং বৈষম্যমুক্ত, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
এসএইচএস