বদর যুদ্ধের শিক্ষা আজও প্রাসঙ্গিক: গৌতম কুমার দে
সত্য ও ন্যায়ের পথে দৃঢ় থাকার যে শিক্ষা ঐতিহাসিক বদর যুদ্ধ আমাদের দিয়েছে, তা বর্তমান আধুনিক জীবনেও আজও প্রাসঙ্গিক। বিশেষ করে প্রবাসী শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি তথ্যপ্রযুক্তি বিষয়ে দক্ষতা অর্জন করে নিজেদের যুগোপযোগী হিসেবে গড়ে তুলতে হবে।
রোববার (৮ মার্চ) মিশরের কায়রোস্থ আব্বাসিয়া এলাকার মারকাজ তাতউইর কনফারেন্স হলে আয়োজিত এক ইফতার মাহফিল ও আলোচনা সভায় এসব কথা বলেন কায়রোস্থ বাংলাদেশ দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন গৌতম কুমার দে।
ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন ‘আহলুস সুন্নাত ওয়াল জামায়াত’ এই বর্ণাঢ্য ইফতার ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-আজহার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক আবাসিক ছাত্রাবাসের পরিচালক ড. ইসাম আল-ক্বাদী।
তিনি বলেন, বাংলাদেশি সুফি শিক্ষার্থীদের এই আয়োজন বিভিন্ন দেশের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করবে। আল-আজহার শরীফ যুগ যুগ ধরে জ্ঞান, সহনশীলতা ও মধ্যপন্থার মূল্যবোধ বিশ্বব্যাপী ছড়িয়ে দিচ্ছে।

বিশেষ অতিথির বক্তব্যে কায়রোস্থ বাংলাদেশ দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন গৌতম কুমার দে প্রবাস জীবনে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে দেশের মর্যাদা অক্ষুণ্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দূতাবাসের শ্রম সচিব মুহাম্মদ জাকির হোসেন।
সংগঠনের সভাপতি সাইফুর রহমান আল-আজহারীর সভাপতিত্বে অনুষ্ঠানে ইফতারের আগে বিশ্ব মুসলিম উম্মাহ এবং বাংলাদেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ইফতার পরবর্তী সময়ে ড. ইসাম আল-ক্বাদী দূতাবাস কর্মকর্তাদের নিয়ে আন্তর্জাতিক ছাত্রাবাস পরিদর্শন করেন এবং সেখানে চলমান উন্নয়ন কার্যক্রম ও শিক্ষার্থীদের জন্য প্রদত্ত সেবার মান ঘুরে দেখান।

অনুষ্ঠান শেষে আয়োজিত এক বিশেষ কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতার সেরা ১০ জন বিজয়ীকে সংগঠনের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- নোমানুল কারীম, সভাপতি, বাংলাদেশ স্টুডেন্টস’ অর্গানাইজেশন ‘ইত্তিহাদ’, আব্দুর রহমান আল-আজহারী, সভাপতি, আল-আজহার ওয়েলফেয়ার সোসাইটি, তাজদীদ বিন ওয়াদুদ, সভাপতি, আল-আজহার ওয়েলফেয়ার ফাউন্ডেশন মিশর।

বিপুল সংখ্যক শিক্ষার্থী ও প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।
এমআরএম/এএসএম