ভিডিও ENG
  1. Home/
  2. প্রবাস

আমি প্রবাসী কামলা

মোহাম্মদ মাহামুদুল | প্রকাশিত: ০২:০৬ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২৬

আমি প্রবাসী কামলা,
নয় কোনো দুর্নীতিবাজ আমলা।
এই দেশের প্রতিটি উঁচু ভবনের নিচে
কেউ না কেউ ঘাম ঝরিয়েছে,
কেউ না কেউ নিজের স্বপ্ন কবর দিয়েছে।

এই দেশের আলো ঝলমলে শহরের পেছনে
লুকিয়ে আছে অগণিত অন্ধকার রাত—
না-ঘুমানো চোখ,
না-বলা কষ্টের ইতিহাস।

ওরা দেশে আসে না—
ওরা শুধু টাকা পাঠায়।
মা-বাবার চোখে জমে থাকা জল,
স্ত্রীর দীর্ঘ অপেক্ষা,

সন্তানের বড় হয়ে যাওয়া—
সবকিছুর বিনিময়ে।
তবু রাষ্ট্র বলে— ‌‘উন্নয়ন হয়েছে।’
কিন্তু বলে না—
এই উন্নয়নের মূল্য কতটা রক্ত আর ঘাম।

একদিকে প্রবাসীর ঘাম,
আরেকদিকে দুর্নীতিবাজের ব্যাংক হিসাব।
একদিকে ক্ষুধা,
আরেকদিকে আলাদের বিদেশি ভিলা।

ওরা কামলা—
কিন্তু দেশের মেরুদণ্ড।
ওরা নীরব—
কিন্তু এই জাতির সবচেয়ে বড় শক্তি।

হে প্রবাসী,
তোমার চোখের জলেই লেখা হয় দেশের ইতিহাস।
তোমার অবহেলাতেই থেমে যায় ন্যায়ের পথ—
আর তোমার ঘামেই গড়ে ওঠে
আগামী দিনের বাংলাদেশ।

এমআরএম