জুলকারনাইন সায়েরের পোস্ট
‘অভিযানের সময় পুলিশের মারধর নিন্দনীয়’
ফাইল ছবি
‘অভিযানের সময় পুলিশের মারধর নিন্দনীয়’ বলে মন্তব্য করেছেন প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের। ২৪ ফেব্রুয়ারি দুপুর ২টা ৫২ মিনিটে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে তিনি এমন মন্তব্য করেন। একই পোস্টে তিনি রাষ্ট্রপতির সাক্ষাৎকারের বিষয়েও মন্তব্য করেন।
জুলকারনাইন সায়ের লিখেছেন, ‘ছাত্র ও ছিন্নমূল মানুষদের ওপর সোহরাওয়ার্দী উদ্যানে মাদক বিরোধী অভিযানের সময় পুলিশের মারধর নিন্দনীয়। এটি অবিলম্বে বন্ধ হওয়া উচিত। কিন্তু কিছু মানুষের প্রতিবাদ দেখে হাসি পায়।’
তিনি লিখেছেন, ‘স্বৈরাচারের সময় যখন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে অহরহ সাধারণ নাগরিকদের হেনস্থা করা হতো, পুলিশ রাস্তায় যাচ্ছে-তাই ভাবে হয়রানী করতো, বিনা বিচারে ক্রসফায়ার দিতো এবং নানাভাবে ভয়াবহ নির্যাতন করতো—তখন কিন্তু তারা ফেসবুকে ফুল-পাখি বা কাব্যিক পোস্ট নিয়েই ব্যস্ত ছিল। সেই সময় তারা যদি ঠিকমতো কাশিও দিতো, তাহলে পুলিশ তখন এতটা বর্বর হতে পারতো না।’
প্রবাসী এই সাংবাদিক লিখেছেন, ‘মজার বিষয় হইলো, যারা এখন এ বিষয়ে নিয়ে খুবই সচেতনতা প্রকাশ করছেন, তাদেরই একটা অংশ আবার দেশের রাষ্ট্রপতির সাক্ষাৎকার প্রকাশের পর তার ওপর ব্যাপক ক্ষুদ্ধ হয়েছেন। অনেকে মন্তব্য করছেন তাঁরে নাকি পেটানো উচিত, কেউ আবার লিখছেন তাঁকে যে পিটাইয়া মেরে ফেলে হয় নাই এটাই বেশি। মানলাম যে, চুপ্পু সাহেব আওয়ামী দোসর, তার মানে কি তার বেঁচে থাকার অধিকার নাই? আপনিই না আবার পুলিশের হামলার প্রতিবাদ করলেন?’
তিনি আরও লিখেছেন, ‘এই যাদের কথা উল্লেখ করলাম, এরা প্রেসিডেন্ট চুপ্পুর পাশাপাশি, সেনাপ্রধান জেনারেল ওয়াকার সাহেবকেও পছন্দ করে না। তারা মনে করে জেনারেল ওয়াকার সাহেব আর প্রেসিডেন্টের জন্য তাদের বিশেষ একটা উদ্দেশ্য পরিপূর্ণতা পায়নি। এরাই আবার ঘুরে ফিরে সরকারি দল বিএনপির যে কোনো ১৯ থেকে ২০ হইলেই হুমড়ি খেয়ে পড়ছে। ৭ দিনও হয় নাই একটা দল ১৮/১৯ বছর পর লক্ষাধিক মামলা, নির্যাতন, হত্যা, গুম চরম অমানবিক সব অন্যায়ের সাথে লড়ে আজকে সরকার গঠন করেছে, এদের কিছু ভুল অবশ্যই হবে, সেসব নিয়ে কথাও বলতে হবে। তবে বিষয়টা কেমন যেন একপেশে লাগছে।’
সবশেষে সায়ের লিখেছেন, ‘দেশে বিপ্লবী সরকার গঠন করতে না পারার কষ্ট, নির্বাচনে বিএনপির সাফল্য এবং তারেক রহমান যেভাবে পরিপক্কতা প্রদর্শন করছেন, সেটা মেনে নিতে না পারা ইত্যাদি নানা মনোকষ্ট যে আপনাদের আছে সেটা তো বলার অপেক্ষা রাখে না। তবে এভাবে নিজেদের বারবার তুলে ধরাটাও একটু দৃষ্টিকটু বটে।’
এসইউ