ফেসবুকে পোস্ট
নামে মিল থাকায় ‘মৃত্যু সংবাদে’ বিব্রত কবি দিলারা হাফিজ
প্রয়াত স্বামী কবি রফিক আজাদের সঙ্গে কবি দিলারা হাফিজ
জাতীয় সংসদের স্পিকার ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের স্ত্রী দিলারা হাফিজ আজ মারা গেছেন। এ সংবাদে ভুল ছবি ব্যবহার করেছে কয়েকটি গণমাধ্যম। সংবাদে যার ছবি ব্যবহার করা হয়েছে, তিনি হলেন কবি ও শিক্ষাবিদ দিলারা হাফিজ।
এ বিষয়ে আজ ৫টা ২৮ মিনিটে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন তিনি। পোস্টে তিনি লিখেছেন, ‘সারা শহরে রটে গেছে আমার মৃত্যু সংবাদ। মেসেঞ্জারে ফোন দিয়ে, কেউবা নক করে আমার সুহৃদ ও শুভার্থীর দল জানতে চাইছে—‘মেম আপনার মৃত্যুর সংবাদ পেলাম নিউজটা কি ভূয়া না?’ দু’একজনের ওয়ালে লিখে জানালাম—‘মৃতুর সংবাদে আয়ু বাড়ে। চিন্তা করো না আমি ভালো আছি আল্লাহর রহমতে।’
নামে মিল থাকায় এক দিলারা হাফিজের পরিবর্তে অন্য দিলারা হাফিজের ছবি ব্যবহৃত হওয়ায় বিব্রত হয়েছেন তিনি। কেননা অনেকেই ফেসবুকে পোস্ট দিয়েছেন, ‘মিরপুর বাংলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. দিলারা হাফিজ ম্যাম আমাদের মাঝে আর নেই!’
এ বিষয়ে কবি দিলারা হাফিজ লিখেছেন, ‘পোস্টটি দেখলাম, অধ্যক্ষের চেয়ারে বসা আমার একটি হাস্যোজ্জ্বল মুখের ছবি দিয়ে শোকবার্তা পাঠিয়েছে বাংলা কলেজ গ্রুপে। আমার শত শত শিক্ষার্থী এই সংবাদে শোকগ্রস্ত হয়ে পড়েছে, উদগ্রীব ও উৎকণ্ঠায় রয়েছে। তাদের হৃদয়ে ও ভালোবাসায় আমি বেঁচে আছি, তাদের নিশ্চিন্ত করতেই এই লেখার অবতারনা।’
তিনি আরও লিখেছেন, ‘এই লেখার মধ্যদিয়ে আমি অধ্যক্ষ দিলারা হাফিজের আত্মার শান্তি কামনা করি। ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাই। ইডেনে তিনি যখন অধ্যক্ষ ছিলেন—তখন থেকে আপাকে কাছ থেকে চিনি ও জানি। একই নামের কারণে তখন থেকেই ওনাকে কবি হিসেবে অনেকে ভুল করতেন, আমাকে ইডেনের অধ্যক্ষ ভেবে নিয়ে অনেকে সমীহ করেছে। আমরা দুজনই তা জানতাম। অনন্তে শান্তিতে থাকুন আপা!’
উল্লেখ্য, একজন কবি ও শিক্ষাবিদ দিলারা হাফিজ। তার স্বামী মুক্তিযোদ্ধা ও প্রখ্যাত কবি রফিক আজাদ। অপরজন ইতিহাসবিদ, ইডেনের অধ্যক্ষ ও মাউশির ডিজি অধ্যাপক দিলারা হাফিজ। তার স্বামী বর্তমান ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদ (অব.) বীরবিক্রম।
এসইউ