ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

উত্তপ্ত সংবাদ সম্মেলন, উদ্বেগ কোয়াবের

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ০৪:১২ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গ্রাউন্ডস কমিটি মঙ্গলবার সংবাদ সম্মেলনে দেশজুড়ে ১৩৭ উইকেট বানানোর পরিকল্পনা জানায়। সেখানেই গ্রাউন্ড কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলটের সঙ্গে এক সিনিয়র সাংবাদিকের উত্তপ্ত বাক্য-বিনিময়ের ঘটনা ঘটে। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।

মঙ্গলবার গ্রাউন্ড কমিটির প্রেজেন্টেশন শেষে প্রশ্নোত্তর পর্বে শুরু হয় বিপত্তি এক সিনিয়র সাংবাদিকের প্রশ্নের ধরন দেখে অসন্তুষ্ট ছিলেন পাইলট। কিছুক্ষণ উত্তপ্ত বাক্যবিনিময়ের পর একপর্যায়ে তিনি সম্মেলন ছেড়ে চলে যান। ওই ঘটনায় আজ (বুধবার) উদ্বেগ জানিয়ে বিবৃতি দিলো ক্রিকেটারদের সংস্থা।

কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, ‘সম্প্রতি একটি সংবাদ সম্মেলনে আমাদের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের সঙ্গে ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। এ ধরনের ঘটনা দুঃখজনক এবং কোনোভাবেই কাম্য নয়, বিশেষ করে এমন একটি পরিবেশে যেখানে পারস্পরিক শ্রদ্ধা, সংযম ও পেশাদারিত্ব বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

কোয়াব জানায়, ‘মতভেদ বা কঠিন প্রশ্ন থাকতেই পারে, তবে তা প্রকাশ ও মোকাবিলার ক্ষেত্রে সংযম, পারস্পরিক শ্রদ্ধা এবং পেশাগত শিষ্টাচার বজায় রাখা সবার দায়িত্ব। আমরা স্পষ্টভাবে বিশ্বাস করি, ক্রিকেটে কোচ, বোর্ড কর্মকর্তা, সমর্থক এবং ক্রীড়া সাংবাদিকদের মর্যাদা ও সম্মান সমানভাবে গুরুত্বপূর্ণ।’

এসকেডি/এমএমআর