ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

পিএসএল ছেড়ে আইপিএলে, কঠোর আইনি ব্যবস্থা নিবে পিসিবি

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৮:৩১ পিএম, ২২ মার্চ ২০২৬

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসর শুরু হবে আগামী ২৬শে মার্চ। এর আগে আইপিএলে দল পেয়ে পিএসএল ছেড়ে যাচ্ছেন ক্রিকেটাররা। দাশুন শানাকা, ব্লেসিং মুজারাবানিদের পিএসএল ছেড়ে যাওয়া মোটেও ভালোভাবে নিচ্ছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছেন, যারা চুক্তি ভঙ্গ করে আইপিএলে যোগ দিয়েছেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। গত বছর দক্ষিণ আফ্রিকান পেসার কর্বিন বশকে আইপিএলে যাওয়ার কারণে এক বছরের জন্য নিষিদ্ধ করার নজির টেনে নাকভি এবারও একই ধরনের শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন।

এবারের আসরে জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি এবং লঙ্কান অলরাউন্ডার দাসুন শানাকার দলবদল সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে। শুরুতে ইসলামাবাদ ইউনাইটেডের সঙ্গে চুক্তিবদ্ধ হলেও মুজারাবানি শেষ মুহূর্তে কলকাতা নাইট রাইডার্সে যোগ দিতে পিএসএল থেকে নাম সরিয়ে নেন। একইভাবে লাহোর কালান্দার্সের দাসুন শানাকাও রাজস্থান রয়্যালসে স্যাম কারানের বদলি হিসেবে ডাক পাওয়ায় পিএসএলকে বিদায় জানিয়েছেন। এছাড়া জেইক ফ্রেজার-ম্যাকগার্ক এবং ওটনিল বার্টম্যানের মতো ক্রিকেটাররাও ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়িয়েছেন, যাদের গন্তব্যও শেষ পর্যন্ত আইপিএল হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পিসিবি প্রধান মহসিন নাকভি এক সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করে বলেন, 'নিয়ম অনুযায়ী ওই খেলোয়াড়দের বিরুদ্ধে ব্যবস্থা নেব। গত বছরও এমন একটি ঘটনা ঘটেছিল, এবারও একই ব্যবস্থা নেওয়া হবে।'

তবে খেলোয়াড়দের এমন আচরণে টুর্নামেন্টের জৌলুস কমবে না বলে দাবি তাঁর। তিনি বলেন, 'আইপিএলের সঙ্গে একই সময়ে পিএসএল হওয়া বড় কোনো সমস্যা নয়, কারণ খেলোয়াড়রা সেখানে গেলেও আমরাও এখানে দুর্দান্ত সব খেলোয়াড় পাচ্ছি। সারা বছরে হাতে অন্য কোনো সময় না থাকায় পিএসএল স্থগিত করার সুযোগ ছিল না।'

এসকেডি/এএসএম