আগস্টে বাংলাদেশে আসছে ভারতীয় ক্রিকেট দল
সফরটা গত বছরই হওয়ার কথা ছিল। কিন্ত নিজ দেশের সরকারের অনুমতি না মেলায় বাংলাদেশ সফর স্থগিত করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। গত ফেব্রুয়ারীতে নির্বাচনের পর বাংলাদেশ ও ভারতের মধ্যেকার রাজনৈতিক অস্থিরতা কিছুটা হলেও কমেছে। এবার গত বছর স্থগিত করা দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আগামী আগস্টে বাংলাদেশে আসছে ভারতীয় ক্রিকেট দল। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে।
সূচি অনুযায়ী, ভারতীয় ক্রিকেট দল আগামী ২৮ আগস্ট বাংলাদেশে পা রাখবে। মাঠের লড়াই শুরু হবে ১ সেপ্টেম্বর থেকে। সিরিজের তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে ১, ৩ ও ৬ সেপ্টেম্বর। এরপর সংক্ষিপ্ত ফরম্যাটের তিন টি-টোয়েন্টি ম্যাচ মাঠে গড়াবে ৯, ১২ ও ১৩ সেপ্টেম্বর।
ভারত সিরিজকে জায়গা করে দিতে গিয়ে কপাল পুড়েছে আয়ারল্যান্ডের। একই সময়ে আইরিশদের বাংলাদেশ সফরের কথা থাকলেও বিসিবি তাদের সিরিজটি পিছিয়ে দেওয়ার অনুরোধ জানায়। তবে ঠাসা সূচির কারণে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড নতুন কোনো সময় বের করতে না পারায় এই সফরটি আপাতত অনিশ্চিত হয়ে পড়েছে। বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, আয়ারল্যান্ডের সঙ্গে আলোচনা চালিয়ে গেলেও ২০২৭ সালের আগে হয়তো তাদের জন্য নতুন কোনো সময় বের করা সম্ভব হবে না।
বর্তমানে আইসিসি র্যাঙ্কিংয়ে ৭৯ রেটিং পয়েন্ট নিয়ে নবম স্থানে উঠে এসেছে টাইগাররা। ঘরের মাঠে পাকিস্তানকে ২-১ ব্যবধানে ধরাশায়ী করার পর ওয়েস্ট ইন্ডিজকে টপকে এক ধাপ উন্নতি হয়েছে লাল-সবুজদের। ভারতের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ঘরের মাঠে এই সিরিজটি বাংলাদেশের র্যাঙ্কিং আরও উন্নত করার বড় সুযোগ হিসেবে দেখছেন ক্রিকেট বিশ্লেষকরা।
এসকেডি/এএসএম