আগামী মাসে মাঠে গড়াবে ইয়ুথ লিগ
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ডামাডোলে দেশের ক্রিকেট অঙ্গনে এক ধরনের স্থবিরতা বিরাজ করছিল। জাতীয় দলের ক্রিকেটাররা গত কয়েক দিন মাঠের বাইরে বিশ্রামে থাকলেও, কেবল বাংলাদেশ নারী ‘এ’ দল বর্তমানে খেলার মধ্যে রয়েছে। তবে এই নীরবতা ভাঙছে খুব দ্রুতই। চলতি মাসের শেষ সপ্তাহ থেকেই ঘরোয়া ক্রিকেটের ব্যাট-বলের লড়াই শুরু হতে যাচ্ছে।
বিসিবির ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াবে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। ওয়ানডে ফরম্যাটে আয়োজিত এই টুর্নামেন্টের মধ্য দিয়েই মূলত নির্বাচনের বিরতি কাটিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরবেন দেশি ক্রিকেটাররা।
এদিকে দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে মার্চের প্রথম সপ্তাহে শুরু হতে যাচ্ছে ‘ইয়ুথ ক্রিকেট লিগ।’ ২০২৬ যুব বিশ্বকাপ শেষ হওয়ার পরপরই বিসিবির নজর এখন ২০২৮ বিশ্বকাপের দিকে। নতুন একটি শক্তিশালী অনূর্ধ্ব-১৯ দল গঠনের লক্ষ্যেই এই টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে।
সবকিছু ঠিক থাকলে আগামী ৫ মার্চ থেকে এই টুর্নামেন্ট শুরু হওয়ার কথা রয়েছে। ভেন্যু হিসেবে বিসিবির প্রাথমিক তালিকায় রয়েছে কক্সবাজার এবং সিলেট। এই দুটি বিভাগীয় শহরেই দুটি করে খেলার মাঠ থাকায় লজিস্টিক সুবিধার কথা মাথায় রেখে এর যেকোনো একটিকে চূড়ান্ত করা হবে।
বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, এই ইয়ুথ ক্রিকেট লিগের পারফরম্যান্স যাচাই করেই পরবর্তী অনূর্ধ্ব-১৯ স্কোয়াড নির্বাচন করা হবে। প্রাথমিকভাবে ৩০ জন প্রতিভাবান ক্রিকেটারকে নিয়ে প্রাথমিক স্কোয়াড গঠন করার পরিকল্পনা রয়েছে নির্বাচকদের। এই ৩০ জন থেকেই মূলত ভবিষ্যতের জাতীয় দলের কাণ্ডারিদের খুঁজে বের করা হবে।
এসকেডি/আইএন