চ্যাম্পিয়ন্স লিগ
এগিয়ে পিএসজি, অ্যানফিল্ডে কঠিন পরীক্ষায় লিভারপুল
ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে নাটকীয় মঞ্চগুলোর একটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আবারও এক স্মরণীয় রাতের অপেক্ষায় লিভারপুল। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে তারা মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি), যেখানে প্রথম লেগে ২-০ গোলে পিছিয়ে আছে ইংলিশ ক্লাবটি।
গত সপ্তাহে প্যারিসে অনুষ্ঠিত প্রথম লেগে লিভারপুল ছিল পুরোপুরি ছন্নছাড়া। আর্নে স্লটের দল লড়াই তো পরে, প্রতিপক্ষের আক্রমণ সামাল দিতেই হিমশিম খেয়েছে। তবে স্বস্তির বিষয়, তারা আরও বড় ব্যবধানে হারেনি।
অন্যদিকে, লুইস এনরিকের অধীনে পিএসজি তাদের ম্যাচের আগে সপ্তাহান্তে বিশ্রাম পেয়েছে, যা তাদের বাড়তি সুবিধা দিচ্ছে। যদিও ম্যাচটি লিভারপুলের মাঠে।
অ্যানফিল্ডের ঐতিহাসিক পরিবেশে ঘুরে দাঁড়ানোর আশা করছে লিভারপুল সমর্থকরা। ইউরোপিয়ান রাতে এই স্টেডিয়ামের আবহ বহুবার অলৌকিক প্রত্যাবর্তনের সাক্ষী হয়েছে। তবে পিএসজির আক্রমণভাগের যে ধার, লিভারপুলের কাজকে আরও কঠিন করে তুলবে।
সব মিলিয়ে, লিভারপুল লড়াই জমিয়ে তুলতে পারলে দুর্দান্ত এক ম্যাচই হয়তো উপভোগ করতে পারবেন ফুটবলপ্রেমীরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়।
এমএমআর