বিদায় নিলো নামিবিয়া, ভারত-পাকিস্তানের বিপদ বাড়ালো যুক্তরাষ্ট্র
টানা দুই ম্যাচে অসাধারণ পারফরম্যান্স যুক্তরাষ্ট্রের। নামিবিয়ার বিপক্ষে ১৯৯ রানের বিশাল স্কোর গড়ে যুক্তরাষ্ট্র। ২০০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৬৮ রানে থেমে যায় নামিবিয়া। ৩১ রানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেলো আফ্রিকান দেশটির। অন্যদিকে টানা দুই জয়ে ‘এ’ গ্রুপে ভারত এবং পাকিস্তানের জন্য বিদ বাড়িয়েছে মার্কিনীরা।
৪ ম্যাচ শেষে যুক্তরাষ্ট্রের পয়েন্ট এখন ৪। সমান পয়েন্ট ভারত ও পাকিস্তানেরও। যদিও দু’দল খেলেছে ২টি করে ম্যাচ। তাদের এখনও ২টি করে ম্যাচ বাকি। তবে এর মধ্যে কেউ যদি শেষ দুটি ম্যাচ হেরে যায়, তাহলে যুক্তরাষ্ট্র রান রেটে দ্বিতীয় হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
রোববার দিনের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে বিশ্বকাপ অভিযান শেষ হয়ে গিয়েছিল নেপালের। দিনের দ্বিতীয় ম্যাচে আমেরিকার কাছে হেরে ছিটকে গেল নামিবিয়া।
টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল আমেরিকা। শুরু থেকেই ভাল খেলতে থাকে তারা। অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল চালিয়ে খেলতে থাকেন। যোগ্য সঙ্গত দেন সায়ন জাহাঙ্গির। ওপেনিং জুটিতেই উঠে যায় ৬৮ রান। সায়ন (২২) ফেরার পর সাইতেজা মুক্কামাল্লাও (১৭) বেশি রান করতে পারেননি। তার আগেই ৩০ বলে ৫২ রান করে ফিরে যান মোনাঙ্ক।
এর পর দলের হাল ধরেন সঞ্জয় কৃষ্ণমূর্তি এবং মিলিন্দ কুমার। চতুর্থ উইকেটে ৮৭ রান যোগ করেন। ৩৩ বলে ৬৮ করেন কৃষ্ণমূর্তি। মেরেছেন চারটি চার এবং ছ’টি ছয়। ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৯ তোলে আমেরিকা।
জবাব দিতে নেমে নামিবিয়ারও শুরুটা খারাপ হয়নি। তবে একমাত্র লরেন স্টিনক্যাম্প ছাড়া কেউ উইকেটে টিকে থাকার মানসিকতা দেখাতে পারেননি। ৩৯ বলে ৫৮ করেন ওপেনার স্টিনক্যাম্প। জেজে স্মিট ২৩ বলে ৩১ করেন। নির্ধারিত ওভারে ৬ উইকেটে ১৬৮ তোলে নামিবিয়া। ১৮ ফেব্রুয়ারি পাকিস্তানের বিরুদ্ধে শেষ ম্যাচ খেলবে নামিবিয়া।
আইএইচএস/