ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

নারী এশিয়ান কাপ ফুটবল

ক্যাম্পে চোট, অস্ট্রেলিয়াগামী দল চূড়ান্ত করতে পারেননি বাটলার

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৯:০৯ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

থাইল্যান্ড এবং ফিলিপাইন সফর ঠিক থাকলে জাতীয় নারী ফুটবল দলের ঢাকা ত্যাগের কথা ছিল সোমবার। তবে বাফুফে সেই সিদ্ধান্ত থেকে সরে এসে সরাসরি দল পাঠিয়ে দিচ্ছে অস্ট্রেলিয়া। ১৬ ফেব্রুয়ারির পরিবর্তে আফঈদারা ঢাকা ছাড়বেন চারদিন পর। সিডনিতে গিয়ে অনুশীলন করবে বাংলাদেশ দল। সম্ভব হলে সেখানে এক বা একাধিক প্রস্তুতি ম্যাচ খেলবে স্থানীয় ক্লাবের বিপক্ষে।

যার অর্থ এশিয়ান কাপের মতো বড় আসরে মাঠে নামার আগে বাংলাদেশ সর্বশেষ ম্যাচটি খেলেছে তিন মাস আগে। গত বছর ২ ডিসেম্বর ঢাকায় আজারবাইজানের বিপক্ষে খেলা ম্যাচটিই হয়ে থাকছে ঋতুপর্ণাদের শেষ পূর্ণাঙ্গ প্রস্তুতি ম্যাচ। অথচ এশিয়ান কাপের টিকিট পাওয়ার পর বাফুফে থেকে ঘোষণা করা হয়েছিল পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়েই দল যাবে অস্ট্রেলিয়ায়। জাতীয় ও অনূর্ধ্ব-২০ দলকে আলাদা কোচিং স্টাফ দিয়ে অনুশীলনের কথা বলা হলেও একই কোচ দিয়ে চালিয়ে নিয়েছে বাফুফে। জাতীয় দলের অনুশীলন ফেলে রেখে প্রধান কোচ পিটার বাটলার অনূর্ধ্ব-১৯ মেয়েদের নিয়ে সাফ খেলতে গিয়ে তুমুল বিতর্কের জন্ম দিয়েছেন।

২০ ফেব্রুয়ারি দল অস্ট্রেলিয়া রওনা হলে ম্যাচের প্রায় দুই সপ্তাহ আগেই টুর্নামেন্টের শহরে যাবে বাংলাদেশ। তাই ২৬ জন খেলোয়াড় নিয়ে যাওয়ার পরিকল্পনা। তবে অস্ট্রেলিয়া সফরের জন্য বাফুফে স্ট্যান্ডবাইসহ ৩৩ জন খেলোয়াড়ের জিও (সরকারী আদেশ) নিয়ে রেখেছে। এই ৩৩ জনের ভেতর থেকেই অস্ট্রেলিয়া সফরের ২৬ জন বেছে নেবেন কোচ পিটার বাটলার।

২৬ জনের একটি দল চূড়ান্ত করেছিলেন পিটার। তবে সমস্যা দেখে দিয়েছে গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড়ের ইনজুরি। নেপালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ খেলে আসা কয়েকজনের চোট আছে বলে রোববার জানিয়েছেন টিম ম্যানেজমেন্টের একজন।

২৬ জনের তালিকায় থাকা ডিফেন্ডার নবীরণের চোট বেশি বলেই জানা গেছে। তার জন্য শেষ অপেক্ষা করবেন পিটার বাটলার। নবীরন চোট কাটিয়ে উঠতে না পারলে তার জায়গায় অর্পিতা বিশ্বাসকে নিয়ে অস্ট্রেলিয়া উড়াল দেবেন পিটার। অর্পিতা ছাড়াও স্ট্যান্ডবাই হিসেবে আছেন সিনহা জাহান শিখা, শান্তি মারদি ও তনিমা বিশ্বাস।

তিনজন গোলরক্ষক নিয়ে অস্ট্রেলিয়া যাবেন পিটার বাটলার। রূপনা চাকমার সাথে থাকছেন মিলি আক্তার ও স্বর্ণা রানী মন্ডল। রক্ষণে অধিনায়ক আফঈদার সাথে থাকছেন কোহাতি কিসকু, নবীরন/অর্পিতা, শিউলি আজিম, শামসুন্নাহার, হালিমা খাতুন ও সুরভী আক্তার আফরিন।

মধ্যমাঠের আছেন স্বপ্না রানী, মুনকি আক্তার, আইরিন খাতুন, শাহেদ আক্তার রিপা, উমেহলা মারমা, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, মারিয়া মান্দা, আনিকা রানিয়া, উন্নতি খাতুন। আক্রমণভাগে তহুরা, সাগরিকা, শামসুন্নাহার জুনিয়রের সাথে থাকবেন আলপি আক্তার, সৌরভী আকন্দ প্রীতি, মোসাম্মাৎ সুলতানা।

১ মার্চ অস্ট্রেলিয়ায় শুরু হতে যাওয়া এএফসি নারী এশিয়ান কাপে বাংলাদেশের গ্রুপে আছে চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তান। ৩ মার্চ চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ শুরু করবে এশিয়ান কাপ।

এশিয়ান কাপ থেকে ব্রাজিলে অনুষ্ঠিতব্য নারী বিশ্বকাপে এবং লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিতব্য অলিম্পিক গেমসে খেলার যোগ্যতা অর্জনের সুযোগ আছে।

আরআই/আইএইচএস/