শোয়েবের অর্ধশতকে টিকে থাকার লড়াইয়ে চ্যালেঞ্জের মুখোমুখি আফগানিস্তান
ম্যাচের শুরুর দিকেই দুই ওপেনারকে হারানোর পরও শক্ত প্রতিরোধ গড়ে আফগানিস্তানকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। শোয়েব খানের অর্ধশতকে দলটির বোর্ডে জমা হয়েছে ৯ উইকেটে ১৬০ রান। আসরে নিজেদের টিকে থাকার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে আফগানদের করতে হবে ১৬১।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টিকে থাকার লড়াইয়ে টস জিতে আমিরাতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় আফগানিস্তান। শুরুটা মোটেও মনমতো হয়নি আফগানদের প্রতিপক্ষের। দলের বোর্ডে রান যোগ হওয়ার আগেই আরিয়ানশ শর্মা সাজঘরে ফেরেন আজমতউল্লাহ ওমরজাইয়ের বলে। এরপর দলের রান যখন ১৩, তখন অধিনায়ক ওয়াসিম কাটা পড়েন মুজিবের বলে। ১০ রান করেন তিনি।
এই ধাক্কা সামাল দেন আলিশান শারাফু ও অর্ধশতক হাঁকানো শোয়েব খান। দুজনের ৮৪ রানের জুটিতে রানের গতি সচল থাকে। ৩ চার ও দুই ছক্কায় ৩১ বলে ৪০ রান করা শারাফুর বিদায়ে ভাঙে জুটি। তবে একপ্রান্ত আগলে রেখে অর্ধশতক আদায় করার পাশাপাশি দলকে ১৫০ রানের গন্ডি পার করান তিনি। আউট হওয়ার আগে ৪৮ বলে খেলেন ৬৮ রানের ইনিংস। ৬ চার ও ৪ ছক্কায় ইনিংসটি সাজান।
নিচের দিকের ব্যাটাররা রান করতে না পারায় স্কোর আর বড় হতে পারেনি আমিরাত। সমান ১৩ রান করেছেন দুই হায়দারই। রানের খাতা খুলতে ব্যর্থ হয়েছেন হর্ষিত ও আরফান। ৩ রান করে অপরাজিত ছিলেন শিমরানজিৎ সিং। শেষ বলে ৩ রান করা জুনায়েদ সিদ্দিকী হয়েছেন রানআউট।
আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট পেয়েছেন আজমতউল্লাহ ওমরজাই। দুটি উইকেট পেয়েছেন মুজিব। একটি রশিদ খানের ঝুলিতে।
আইএন