যুবরাজের অদম্য সেঞ্চুরিতে কানাডার বোর্ডে ১৭৩
সুপার এইটের আশা বাঁচিয়ে রাখার ম্যাচে দুর্দান্ত এক সেঞ্চুরি করে সবাইকে চমকে দিয়েছেন কানাডার যুবরাজ সামারা। তার তাণ্ডব চালানো ১১০ রানে কানাডার সংগ্রহ দাঁড়িয়েছে ১৭৩। জিততে হলে নিউজিল্যান্ডকে করতে হবে ১৭৪ রান।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে আগে ব্যাটিং করতে নেমে কানাডার ১৯ বছর বয়সী তরুণ ওপেনার যুবরাজ সামারা নিউজিল্যান্ডের বোলারদের ওপর যে তাণ্ডব চালিয়েছেন তা এক কথায় অবিশ্বাস্য। সহযোগী দেশের এই তরুণ একের পর এক চার-ছক্কায় দিশেহারা করেছেন নিউজিল্যান্ডের অভিজ্ঞ সব বোলারদের।
ওপেনিংয়ে নেমে অধিনায়ক দিলপ্রিত বাজওয়াকে নিয়ে গড়েন ১১৬ রানের দারুণ এক জুটি । ওই জুটিতেই বার্তা দেন দলের ও নিজের জন্য বড়কিছু করার। ৩৬ রান করে কাইল জেমিসনের বলে বাজওয়া থামলেও থামানো যায়নি যুবরাজকে। কিউই বোলারদের বেধড়ক পিটিয়ে ৫৮ বলে তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি শতক। আর এটি এই বিশ্বকাপের দ্বিতীয় শতক। গতকাল ৫২ বলে সেঞ্চুরি করে দলকে জিতিয়েছেন শ্রীলঙ্কার পাথুম নিশাঙ্কা।
যুবরাজের সঙ্গে ৪৭ রানের জুটি গড়লেও নভনিত ধালিওয়াল করেছেন মাত্র ৭ রান। আউট হন দলীয় ১৫৩ রানে ম্যাট হেনরির বলে। বোর্ডে আরও ৭ রান যোগ হতেই জিমি নিশাম তুলে নেন ২ রান করা নিকোলাস কির্টনকে। আরও ৪ রান যোগ হলে দিনের নায়ক যুবরাজ সামারাও বিদায় নেন। তবে আউট হওয়ার আগে খেলেন ৬৫ বলে ১১০ রানের এক অনবদ্য ইনিংস। ১১ চার ও ৬ ছক্কায় সাজিয়েছেন সেই অবিশ্বাস্য ইনিংস।
শেষ পর্যন্ত কানাডার বোর্ডে জমা হয় ৪ উইকেটে ১৭৩ রান। সমান একটি করে উইকেট পেয়েছেন নিউজিল্যান্ডের হেনরি, নিশাম, ডাফি ও জেমিসন।
আইএন