ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

ইমরান খানের সুচিকিৎসার আবেদন বিশ্বের ১৪ সাবেক অধিনায়কের

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০২:৩২ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও ১৯৯২ বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের প্রতি মানবিক ও ন্যায়সঙ্গত আচরণের আহ্বান জানিয়েছেন বিশ্বের বেশ কয়েকটি দেশের ১৪জন কিংবদন্তি সাবেক ক্রিকেট অধিনায়ক। ভারতের কপিল দেব, সুনিল গাভাস্কা, ওয়েস্ট ইন্ডিজের ক্লাইভ লয়েড, অস্ট্রেলিয়ার অ্যালান বর্ডারেরমতো সাবেক অধিনায়কের একটি আন্তর্জাতিক দল পাকিস্তান সরকারের কাছে এ বিষয়ে আনুষ্ঠানিক আবেদন জানিয়েছে।

অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক গ্রেগ চ্যাপেলের সহ-স্বাক্ষরিত এই আবেদনে ইমরান খানের জন্য ‘ন্যায্য ও মানবিক আচরণ’ নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। কারাগারে থাকা অবস্থায় তার স্বাস্থ্যের অবনতির খবর, বিশেষ করে দৃষ্টিশক্তি কমে যাওয়ার অভিযোগ, এ উদ্বেগের মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের উদ্দেশে পাঠানো এই আবেদনে বলা হয়েছে, এটি কোনো রাজনৈতিক অবস্থান থেকে নয়; বরং খেলোয়াড়সুলভ মানসিকতা ও মানবিক দায়বদ্ধতা থেকেই করা হয়েছে।

সুনিল গাভাস্কার ইমরান খানের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, ‘তার সঙ্গে যা করা হচ্ছে তা খুবই দুঃখজনক। আমরা শুধু মাঠের প্রতিদ্বন্দ্বীই ছিলাম না, দীর্ঘদিনের বন্ধুও।’

সাবেক অধিনায়কদের যৌথ বিবৃতিতে বলা হয়, ইমরান খান বিশ্ব ক্রিকেটের একজন কিংবদন্তি, যিনি ১৯৯২ সালে পাকিস্তানকে ঐতিহাসিক বিশ্বকাপ জিতিয়েছিলেন। তার নেতৃত্ব, দক্ষতা ও খেলোয়াড়সুলভ মনোভাব প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, ক্রিকেটের বাইরে তিনি পাকিস্তানের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক মতপার্থক্য যাই থাকুক না কেন, তার মর্যাদা অনুযায়ী সম্মান ও মানবিক আচরণ পাওয়ার অধিকার রয়েছে।

সাবেক অধিনায়করা পাকিস্তান সরকারের কাছে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন—

যোগ্য বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে দ্রুত ও নিয়মিত চিকিৎসা
আন্তর্জাতিক মান অনুযায়ী মানবিক ও সম্মানজনক কারাবাসের পরিবেশ এবং পরিবারের সঙ্গে নিয়মিত সাক্ষাতের সুযোগ
আইনি প্রক্রিয়ায় স্বচ্ছ ও দ্রুত প্রবেশাধিকার

বিবৃতিতে বলা হয়েছে, ‘ক্রিকেট দীর্ঘদিন ধরে দেশগুলোর মধ্যে সেতুবন্ধনের কাজ করেছে। মাঠের প্রতিদ্বন্দ্বিতা শেষ হলেও পারস্পরিক সম্মান অটুট থাকে। ইমরান খান তার পুরো ক্যারিয়ারে সেই চেতনার প্রতীক ছিলেন।’

এই আবেদনে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন মাইকেল আথারটন, অ্যালান বর্ডার, মাইকেল ব্রিয়ারলি, গ্রেগ চ্যাপেল, ইয়ান চ্যাপেল, বেলিন্ডা ক্লার্ক, সুনিল গাভাস্কার, ডেভিড গাওয়ার, কিম হিউজ, নাসের হুসেইন, স্যার ক্লাইভ লয়েড, কপিল দেব, স্টিভ ওয়াহ ও জন রাইট।

সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, ইমরান খানের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে স্থানান্তরের বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে। ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে তিনি একাকী কারাবন্দি অবস্থায় রয়েছেন। অভিযোগ রয়েছে, তার চিকিৎসা সংক্রান্ত একাধিক অনুরোধ দীর্ঘদিন উপেক্ষা করা হয়েছে।

এর আগে পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস এবং শোয়েব আখতারও ইমরান খানের জন্য সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানিয়েছিলেন।

আইএইচএস/