ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

বিপিএলের পেমেন্ট জট

ঢাকা-সিলেটের ব্যাংক গ্যারান্টি ভাঙিয়ে টাকা দিচ্ছে বিসিবি

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ০৫:০২ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

বিপিএলের গেল আসরের পর্দা নেমেছে গত ২৩ জানুয়ারি। বিসিবির মালিকানায় থাকা চট্টগ্রাম রয়্যালসের ক্রিকেটাররা আজ বৃহস্পতিবার পারিশ্রমিকের অর্থ বুঝে পেয়েছেন। এরপর সংবাদমাধ্যমেও কথা বলেছেন তারা। বিপিএলের ১২ বছর পার হওয়ার পরও ক্রিকেটারদের পারিশ্রমিক দেওয়া নিয়ে এভাবে উদযাপন করা ‘আক্ষেপের’ বলে মন্তব্য করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু। এমনকি ঢাকা ক্যাপিটালস ও সিলেট টাইটান্সের ব্যাংক গ্যারান্টি ব্যবহার করে দুই দলের ক্রিকেটারদের পারিশ্রমিক দিবে বিসিবি।

বিপিএলের দলগুলোর পেমেন্ট চিত্র তুলে ধরে মিঠু জানান, চ্যাম্পিয়ন দল রাজশাহী ওয়ারিয়র্স সবার আগে সব টাকা পরিশোধ করে বিসিবিতে পেমেন্ট সার্টিফিকেট জমা দিয়েছে। রংপুর ইতিমধ্যে ৭৫ শতাংশ পেমেন্ট শেষ করেছে। তবে নোয়াখালী, ঢাকা ও সিলেট ফ্র্যাঞ্চাইজির বকেয়া মেটাতে বিসিবি তাদের কাছে থাকা গ্যারান্টির টাকা ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে। মিঠু বলেন, ‘নোয়াখালীর ১ কোটি ৭৫ লাখ টাকা পাওনা আছে, আমাদের কাছে তাদের ২ কোটি টাকার পে-অর্ডার আছে। প্লেয়ারদের কল করে ভেরিফাই করেছি, এই টাকা থেকে আমরাই পেমেন্ট দিয়ে দেব। প্লেয়াররা এরকম এসে ওরা নিয়ে যাবে। ওরা বলতেছে যে এই টাকাটা থেকে আপনি প্লেয়ারদের দিয়ে দেন। তো আগামী সপ্তাহে ইনশাল্লাহ দিয়ে দিবো।’

ঢাকা ক্যাপিটালসের পেমেন্ট নিয়ে মিঠু জানান, ফ্র্যাঞ্চাইজিটির ৫ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি বিসিবির কাছে রক্ষিত আছে। ভেরিফিকেশন শেষে আগামী এক সপ্তাহের মধ্যে ম্যানেজমেন্টসহ সবার টাকা শোধ করা হবে। সিলেটের ক্ষেত্রেও একই প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। গতকাল মিরাজসহ সংশ্লিষ্টদের উপস্থিতিতে পেমেন্ট লিস্ট ভেরিফাই করে সিলেটে পাঠানো হয়েছে। বিসিবির কাছে থাকা সিলেটের পে-অর্ডার থেকেই বকেয়া পরিশোধ করা হবে। সিলেটের এক বিদেশি ক্রিকেটারের পাওনা নিয়ে জটিলতা থাকলেও সেটি দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি।

ক্রিকেটের মান ছেড়ে কেন এখনো পেমেন্ট নিয়ে কথা বলতে হয়, এমন প্রশ্নের জবাবে মিঠু বলেন, ‘এটি ডেফিনেটলি হতাশাজনক। সেই জন্যই আমরা ভালো ফ্র্যাঞ্চাইজি চাচ্ছি। রাজশাহীর মতো নতুন দল এসে টাকা দিয়ে চ্যাম্পিয়ন হওয়াটা ভালো উদাহরণ। আমরা ফাইনান্সিয়াল এবং ইন্টিগ্রিটি ইস্যুতে এবার আপস করিনি।’ বিপিএল গভর্নিং কাউন্সিল নিশ্চিত করেছে যে, রোজার আগেই সব ক্রিকেটার ও ম্যানেজমেন্টের পাওনা বুঝিয়ে দিতে তারা বদ্ধপরিকর।

এসকেডি/আইএন