বিসিবির কেন্দ্রীয় চুক্তি
এ প্লাস ক্যাটাগরি হারালেন তাসকিন, ৩ জন প্রথমবার
চলতি ২০২৬ সালের জন্য বার্ষিক কেন্দ্রীয় চুক্তির তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবারের চুক্তিতে বড় কোনো চমক না থাকলেও নতুন করে অন্তর্ভুক্ত হয়েছেন ৩ তরুণ ক্রিকেটার। এছাড়া বিভিন্ন মেয়াদে চুক্তির বাইরে থাকার পর পুনরায় ফিরেছেন ৪ জন। ৪টি ভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে মোট ২৮ জন ক্রিকেটারকে এবারের চুক্তিতে রাখা হয়েছে। উল্লেখ্য, আগের চুক্তিতে থাকা কোনো ক্রিকেটারই এবার তালিকা থেকে বাদ পড়েননি।
তবে বিসিবির সর্বোচ্চ ‘এ প্লাস’ ক্যাটাগরিতে (১০ লাখ টাকা বেতন) এবার কেউই জায়গা পাননি। একমাত্র ক্রিকেটার হিসেবে ‘এ প্লাস’ ক্যাটাগরিতে ছিলেন তাসকিন আহমেদ। বর্তমানে এ ক্যাটাগরিতে নেমে গেছেন তিনি।
এখন ‘এ’ ক্যাটাগরিতে আছেন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস ও পেসার তাসকিন আহমেদ। মাসে ৮ লাখ টাকা বেতন পাবেন এই ৪ জন। এছাড়া ৬ লাখ টাকা মাসিক বেতনের ‘বি’ ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন ১১ জন। তারা হলেন মুশফিকুর রহিম, মুমিনুল হক, মোস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, তাওহিদ হৃদয়, সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ ও নাহিদ রানা।
‘সি’ ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন ৬ জন- সৌম্য সরকার, জাকের আলী অনিক, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ ও সৈয়দ খালেদ আহমেদ। এই ৬ জন মাসে বেতন পাবেন ৪ লাখ টাকা।
প্রথমবারের মতো চুক্তিতে পারভেজ ইমন, তানভীর ইসলাম, হাসান মুরাদ। তিনজনই আছেন ডি ক্যাটাগরিতে। তাদের সঙ্গে এই ক্যাটাগরিতে আরও আছেন চুক্তিতে ফেরা সাইফ হাসান, নুরুল হাসান সোহান, নাঈম হাসান, শামীম হোসেন। এই ক্যাটাগরিতে মাসিক বেতন পাবেন ২ লাখ টাকা।
এসকেডি/আইএন