ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

নিউজিল্যান্ড সফরে দক্ষিণ আফ্রিকার নতুন অধিনায়ক, স্কোয়াডও পুরো নতুন

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১১:৩৮ এএম, ২১ ফেব্রুয়ারি ২০২৬

নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকা দলকে নেতৃত্ব দেবেন বাঁ-হাতি স্পিনার কেশব মাহারাজ। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ (ভারত ও শ্রীলঙ্কা) শেষ হওয়ার এক সপ্তাহ পর, ১৫ মার্চ থেকে শুরু হবে এই সিরিজ, যা চলবে ২৫ মার্চ পর্যন্ত।

আইপিএল ২৬ মার্চ শুরু হওয়ার সম্ভাবনা থাকায় বিশ্বকাপ দলে থাকা দক্ষিণ আফ্রিকার বেশিরভাগ ক্রিকেটারকে এই সফর থেকে বিশ্রাম দেওয়া হয়েছে। বর্তমানে ভারতে থাকা খেলোয়াড়দের মধ্যে শুধু কেশব মাহারাজ, জর্জ লিন্ডে ও জেসন স্মিথ নিউজিল্যান্ড সফরে যাবেন।

১৫ সদস্যের দলে রাখা হয়েছে পাঁচজন অনভিষিক্ত ক্রিকেটারকে। তারা হলেন, কনর এস্টারহুইজেন, ডিয়ান ফরেস্টার, জর্ডান হারম্যান, ইথান বশ এবং নকোবানি মোকোয়েনা। জর্ডান হারম্যান দলে থাকা রুবিন হারম্যানের ভাই, আর ইথান বশ হলেন করবিন বশের ছোট ভাই।

১৯ বছর বয়সী পেসার নকোবানি মোকোয়েনা ২০২৬ সালের এসএ২০ টুর্নামেন্টে পার্ল রয়্যালসের হয়ে ১৩ উইকেট নিয়ে যৌথভাবে চতুর্থ সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন। তার স্ট্রাইক রেট ছিল ১৪.৭৬।

বিশ্বকাপ দলে না থাকা দুই পেসার অটনিল বার্টম্যান ও জেরাল্ড কোয়েৎজি দলে সুযোগ পেয়েছেন। চোটের কারণে বাইরে থাকা টনি ডি জর্জিও ফিরেছেন স্কোয়াডে।

দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ শুকরি কনরাড বলেন, ‘বিশ্বকাপের পরপরই সিরিজটি হওয়ায় মূল দলের বেশিরভাগ খেলোয়াড় দেশে ফিরে যাবে। ফলে নতুনদের জন্য আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের প্রমাণের এটি বড় সুযোগ। মাহারাজের নেতৃত্বের অভিজ্ঞতা এবং শান্ত স্বভাব এই সফরের জন্য তাকে আদর্শ অধিনায়ক করে তুলেছে।’

তিনি আরও জানান, ব্যাটিং বিভাগ নিয়ে দল বেশ আশাবাদী। টনি ডি জর্জি ওপরে অভিজ্ঞতা যোগ করবেন- আর কনর, ডিয়ান ও জর্ডান ঘরোয়া ক্রিকেটে আক্রমণাত্মক ব্যাটিংয়ের প্রমাণ দিয়েছেন। তরুণ পেসার মোকোয়েনার জন্যও এটি আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে তুলে ধরার ভালো সুযোগ।

একই সময়ে নিউজিল্যান্ড সফরে থাকবে দক্ষিণ আফ্রিকা নারী দলও। দুই দলের ম্যাচ একই দিনে ডাবল-হেডার হিসেবে অনুষ্ঠিত হবে।

দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি স্কোয়াড

কেশব মাহারাজ (অধিনায়ক), অটনিল বার্টম্যান, ইথান বশ, জেরাল্ড কোয়েৎজি, টনি ডি জর্জি, কনর এস্টারহুইজেন, ডিয়ান ফরেস্টার, জর্ডান হারম্যান, রুবিন হারম্যান, জর্জ লিন্ডে, নকোবানি মোকোয়েনা, আন্দিলে সিমেলানে, লুথো সিপামলা, প্রেনেলান সুব্রায়েন এবং জেসন স্মিথ।

আইএইচএস/