ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

দ্য হানড্রেড

পাকিস্তানি ক্রিকেটারদের না খেলানোর সিদ্ধান্ত লজ্জাজনক: ব্রুক

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৪:৫৪ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৬

ভারত-পাকিস্তানের রাজনৈতিক উত্তাপ ক্রিকেট মাঠ পর্যন্ত গড়িয়েছে বহুবছর আগে। কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে করমর্দনও বন্ধ করে দিয়েছে ভারত। এবার ইংল্যান্ডের দ্য হানড্রেডে ভারতীয় মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিগুলো পাকিস্তানি ক্রিকেটার দলে না নেওয়ার সিদ্ধান্ত নিতে পারে বলে জানা গেছে। তবে এমন সিদ্ধান্ত নেওয়া হলে সেটি লজ্জাজনক হবে বলে মন্তব্য করেছেন ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক হ্যারি ব্রুক।

আজ শনিবার এ মন্তব্য করেন ইংল্যান্ডের অধিনায়ক।

খবরে বলা হয়েছে, ম্যানচেস্টার সুপার জায়ান্টস, এমআই লন্ডন, সাউদার্ন ব্রেভ এবং সানরাইজার্স লিডস। যেগুলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-সংশ্লিষ্ট মালিকানাধীন গোষ্ঠীর সঙ্গে যুক্ত, ভারতে রাজনৈতিক প্রতিক্রিয়ার আশঙ্কায় পাকিস্তানি ক্রিকেটারদের জন্য বিড করা থেকে বিরত থাকতে পারে।

সানরাইজার্স লিডসের সঙ্গে চুক্তিবদ্ধ ব্রুক মাঠের বাইরের বিতর্ক থেকে নিজেকে দূরে রাখলেও শ্রীলঙ্কার বিপক্ষে দলের সুপার এইট ম্যাচের আগে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি বলেন, ‘আমাদের মূল লক্ষ্য টি-টোয়েন্টি বিশ্বকাপ। এটা আসলে আমাদের বিষয় নয়। তবে পাকিস্তান বহু বছর ধরে দুর্দান্ত একটি ক্রিকেট খেলুড়ে দেশ। নিলামে তাদের ৫০ বা ৬০ জন খেলোয়াড় রয়েছে। তাদের কাউকে না দেখা সত্যিই দুঃখজনক হবে।’

লন্ডনে অনুষ্ঠিতব্য নিলামে মোট ৬৭ জন পাকিস্তানি পুরুষ ও নারী ক্রিকেটার নাম নিবন্ধিত করেছেন। যাদের মধ্যে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলের বেশিরভাগ সদস্যই আছেন। আগের আসরগুলোতে মোহাম্মদ আমির, শাহিন শাহ আফ্রিদি, শাদাব খান এবং হারিস রউফ-এর মতো ক্রিকেটাররা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন।

২০০৮ সালের পর থেকে পাকিস্তানি ক্রিকেটাররা আইপিএলে খেলেননি। একইভাবে আইপিএল-সংশ্লিষ্ট মালিকানাধীন দল থাকা এসএ২০ ও আইএলটি২০ টুর্নামেন্টেও তাদের দেখা যায়নি।

দ্য হান্ড্রেড আগামী ২১ জুলাই শুরু হয়ে ১৬ আগস্ট পর্যন্ত চলবে। খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত হবে ১১ ও ১২ মার্চ।

আইএন