ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

বড় জয়ে টিকে রইলো নিউজিল্যান্ড, শ্রীলঙ্কার বিদায়

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১১:৫৯ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে টানা দুই হারে বিদায় হয়ে গেলো সহ-স্বাগতিক শ্রীলঙ্কার। কলম্বোতে বুধবার (২৫ ফেব্রুয়ারি) তাদের ৬১ রানের বড় ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ড।

এই জয়ে একটি পরিত্যক্ত ম্যাচের পয়েন্টসহ ৩ পয়েন্ট নিয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখলো নিউজিল্যান্ড। ৪ পয়েন্ট নিয়ে এই গ্রুপ থেকে ইংল্যান্ডের শেষ চার নিশ্চিত। ১ পয়েন্ট নিয়ে পাকিস্তানের ক্ষীণ আশা টিকে রয়েছে।

১৬৯ রানের লক্ষ্য তাড়ায় শুরুতেই বিপদে পড়ে শ্রীলঙ্কা। ২৯ রানে ৪টি আর ৭৭ রানে ৭ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে স্বাগতিকরা। কামিন্দু মেন্ডিস ২৩ বলে ৩১ রান করে সাজঘরে ফেরেন।

রানরেটও ছিল খুব কম। শেষ পর্যন্ত পুরো ২০ ওভার খেললেও ৮ উইকেটে ১০৭ রানের বেশি করতে পারেননি লঙ্কানরা। শেষ ওভারে আউট হন কিছুটা লড়াই করা দুনিথ ওয়াল্লালাগে (২৩ বলে ২৯)।

রাচিন রবীন্দ্র ২৭ রান খরচায় একাই নেন ৪টি উইকেট।

এর আগে বিপদ কাটিয়ে ৭ উইকেটে ১৬৮ রানের চ্যালেঞ্জিং পুঁজি দাঁড় করায় নিউজিল্যান্ড। ৮৪ রানে তারা হারিয়ে বসেছিল ৬ উইকেট। সেখান থেকে অধিনায়ক মিচেল স্যান্টনার আর কোলে ম্যাককোনচির দুর্দান্ত এক জুটিতে এই সংগ্রহ পায় কিউইরা।

কলম্বোয় টস হেরে ব্যাট করতে নামা নিউজিল্যান্ডকে উড়ন্ত সূচনা এনে দিয়েছিলেন ফিন অ্যালেন। তবে ১৩ বলে ২৩ করে মাহিশ থিকসানার ফিরতি ক্যাচে তিনি ফেরার পর আরেক ওপেনার টিম শেইফার্টও (৯ বলে ৮) সাজঘরের পথ ধরেন দ্রুত। ১৮ বলে ১৮ করে ফেরেন গ্লেন ফিলিপস।

রাচিন রবীন্দ্র চালিয়ে খেলছিলেন। কিন্তু ১২তম ওভারে জোড়া আঘাত হানেন থিকসানা। ২২ বলে ৩২ রানে ফেরেন রাচিন, মার্ক চ্যাপম্যান বোল্ড হন শূন্য রানেই।

পরের ওভারে দুনিথ ওয়াল্লালাগে বোল্ড করেন ড্যারিল মিচেলকে (০)। ৯ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে নিউজিল্যান্ড।

৮৪ রানে ৬ উইকেট হারানো দলকে এরপর টেনে তোলার দায়িত্ব নেন মিচেল স্যান্টনার আর কোলে ম্যাককোনচি। সপ্তম উইকেটে ৪৭ বলে ৮৪ রানের দুর্দান্ত এক জুটিতে কিউইদের ভালো সংগ্রহ এনে দেন তারা।

স্যান্টনার ইনিংসের শেষ বলে আউট হন ২৬ বলে ২ চার আর ৪ ছক্কায় ৪৭ রান করে। ম্যাককোনচি করেন ২৩ বলে অপরাজিত ৩১।

শ্রীলঙ্কার মাহিশ থিকসানা আর দুশমন্ত চামিরা নেন ৩টি করে উইকেট।

এমএমআর/একিউএফ