ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

বাবার ক্যান্সার, বিশ্বকাপ ক্যাম্প ছেড়ে গেলেন ভারতীয় তারকা

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১২:১১ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

বাবা ক্যান্সার আক্রান্ত। হঠাৎ করেই অবস্থার অবনতি। এমনই এক পারিবারিক জরুরি পরিস্থিতির কারণে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্যাম্প ছেড়ে গেলেন ভারতের মিডল-অর্ডার ব্যাটার রিংকু সিং। বিসিসিআই সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

জানা গেছে, রিংকুর বাবা স্টেজ-৪ লিভার ক্যানসারে আক্রান্ত এবং বর্তমানে ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন। বাবার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দলের ক্যাম্প ছেড়ে পরিবারের পাশে থাকতে দ্রুত বাড়ি ফিরে গেছেন এই বাঁ-হাতি ব্যাটার।

রিংকু সিং বিশ্বকাপের ভারতীয় স্কোয়াডের সদস্য হলেও আপাতত তিনি আবার দলের সঙ্গে যোগ দেবেন কি না, সে বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে টিম ম্যানেজমেন্ট।

সাম্প্রতিক বছরগুলোতে ভারতের সাদা বলের দলে গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন রিংকু সিং। বিশেষ করে চাপের মুহূর্তে ম্যাচ ফিনিশ করার দক্ষতার কারণে তিনি দলের ভরসার জায়গা। ফলে দীর্ঘ সময় দলের বাইরে থাকলে টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ পর্যায়ে ভারতের দলগত পরিকল্পনায় প্রভাব পড়তে পারে।

তবে এই মুহূর্তে ক্রিকেট নয়, পরিবারের পরিস্থিতিই রিংকুর প্রধান অগ্রাধিকার। কঠিন এই সময়ে ক্রিকেট অঙ্গন থেকেও তার প্রতি সমর্থন ও সহমর্মিতা জানানো হচ্ছে।

মঙ্গলবারের অনুশীলনে হার্দিক পান্ডিয়া, ইশান কিশান, আর্শদিপ সিং, তিলক ভার্মা, অভিষেক শর্মা ও সাঞ্জু স্যামসনদের দেখা গেলেও রিংকু মাঠে উপস্থিত ছিলেন না।

চলতি বিশ্বকাপে ব্যাট হাতে খুব বেশি সুযোগ পাননি রিংকু। পাঁচ ইনিংসে তিনি করেছেন মাত্র ২৪ রান, যার মধ্যে দুবার অপরাজিত ছিলেন এবং সর্বোচ্চ স্কোর ১১*। এ বছর ১০টি টি-টোয়েন্টি ম্যাচে আট ইনিংসে তার সংগ্রহ ১১৫ রান, গড় ২৮.৭৫ এবং স্ট্রাইক রেট ১৩২.১৮; সর্বোচ্চ ৪৪*।

এদিকে সুপার এইটের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানে বড় ব্যবধানে হারের পর শিরোপা রক্ষার লড়াইয়ে টিকে থাকতে হলে ভারতের সামনে এখন কঠিন সমীকরণ। বৃহস্পতিবার চেন্নাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ‘মাস্ট-উইন’ ম্যাচ খেলতে নামবে মেন ইন ব্লু। পাশাপাশি তাদের বাকি ম্যাচগুলোতেও জিততে হবে এবং দক্ষিণ আফ্রিকাকে সুপার এইট পর্বে অপরাজিত থাকার দিকেও তাকিয়ে থাকতে হবে।

আইএইচএস/