ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

অস্থিরতার মধ্যেও বিশ্বকাপ আয়োজন নিয়ে মেক্সিকোর ওপর পূর্ণ আস্থা ফিফার

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০১:০৮ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

সাম্প্রতিক সহিংসতা ও অস্থিরতার পরও মেক্সিকো বিশ্বকাপের ম্যাচ আয়োজন করতে পারবে- এ বিষয়ে ‘পূর্ণ আস্থা’ রয়েছে বলে জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো।

কলম্বিয়ার বারানকিয়ায় অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ইনফান্তিনো বলেন, ‘আমরা মেক্সিকোর পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। তবে শুরুতেই বলতে চাই, মেক্সিকো, দেশটির প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপর আমাদের পূর্ণ বিশ্বাস আছে। আমরা নিশ্চিত, সবকিছু যতটা সম্ভব স্বাভাবিকভাবেই এগোবে।’

মেক্সিকান সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত কার্টেল নেতা নেমেসিও ওসেগুয়েরা সারভান্তেস ওরফে ‘এল মেনচো’ নিহত হওয়ার পর বিভিন্ন অঙ্গরাজ্যে সহিংসতা ছড়িয়ে পড়ে। এর জেরে মেক্সিকান ফুটবল ফেডারেশন কিছু ম্যাচ স্থগিত করে, যার মধ্যে ছিল লিগা এমএক্স-এর কুয়েরেতারো বনাম হুয়ারেজ এফসি ম্যাচ।

তবে কুয়েরেতারোতে মেক্সিকোর আন্তর্জাতিক প্রীতি ম্যাচ (আইসল্যান্ডের বিপক্ষে) নির্ধারিত সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এই গ্রীষ্মে কানাডা ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করবে মেক্সিকো। গুয়াদালাহারা, মেক্সিকো সিটি ও মনতেরে- এই তিন শহরে মোট ১৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

বিশেষ করে জালিস্কো অঙ্গরাজ্য, যার রাজধানী গুয়াদালাহারা, সেখানে জরুরি অবস্থা জারি রয়েছে। গুয়াদালাহারার অ্যাকরন স্টেডিয়ামে আগামী মাসে বিশ্বকাপ বাছাই প্লে-অফ ম্যাচ এবং জুনে চারটি বিশ্বকাপ ম্যাচ আয়োজনের কথা।

জালিস্কোর গভর্নর পাবলো লেমুস জানিয়েছেন, বিশ্বকাপ আয়োজক মর্যাদা হারানোর কোনো ঝুঁকি নেই। প্রেসিডেন্ট শেইনবাউমও বলেছেন, ‘গুয়াদালাহারায় ম্যাচ আয়োজনের জন্য সব ধরনের নিরাপত্তা নিশ্চয়তা রয়েছে, কোনো ঝুঁকি নেই।’

কলম্বিয়া জাতীয় দল মেক্সিকো সিটি ও গুয়াদালাহারায় দুটি ম্যাচ খেলবে। দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি রামোন জেসুরুন বলেছেন, ‘মেক্সিকো দ্রুতই এই পরিস্থিতি কাটিয়ে উঠবে- এ ব্যাপারে আমার পূর্ণ আস্থা রয়েছে।’

তবে সব দেশ এতটা নির্ভার নয়। পর্তুগাল ফুটবল ফেডারেশন মার্চে নির্ধারিত প্রীতি ম্যাচের আগে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। জ্যামাইকা ফুটবল ফেডারেশনের সভাপতি মাইকেল রিকেটস বলেছেন, ‘মার্চের শেষ দিকে ম্যাচ। কী হয়, তা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। বিষয়টি আমাকে কিছুটা উদ্বিগ্ন করছে।’

মনতেরেতে আরও একটি প্লে-অফ ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা, যেখানে বলিভিয়া ও সুরিনামের বিজয়ী দল ইরাকের মুখোমুখি হবে।

ইনফান্তিনো বলেন, ‘বিশ্বের প্রতিটি দেশেই নানা ঘটনা ঘটে। আমরা অন্য কোনো গ্রহে বাস করি না। এজন্যই সরকার, পুলিশ ও কর্তৃপক্ষ রয়েছে- যারা শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করবে। বিশ্বকাপ হবে এক অবিশ্বাস্য উৎসব।’

আইএইচএস/