ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

ব্যাটিং বিপর্যয় থেকে ঘুরে দাঁড়িয়ে চ্যালেঞ্জিং পুঁজি ওয়েস্ট ইন্ডিজের

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৫:১৬ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

৮৩ রানে নেই ৭ উইকেট। দক্ষিণ আফ্রিকার বোলারদের তোপে একশর আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় ছিল ওয়েস্ট ইন্ডিজ। সেখান থেকে জেসন হোল্ডার আর রোমারিও শেফার্ডের জুটিতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ক্যারিবীয়রা।

৮ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ গড়েছে ১৭৬ রানের পুঁজি। অর্থাৎ জিততে হলে দক্ষিণ আফ্রিকাকে করতে হবে ১৭৭।

আহমেদাবাদে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিলেন শাই হোপ আর ব্রেন্ডন কিং। কিন্তু হোপ ৬ বলে ১৬ করে আউট হওয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। কিং করেন ১১ বলে ২১।

মাঝে সিমরন হেটমায়ার (২), রভম্যান পাওয়েল (৯), রস্টন চেজরা (২) দাঁড়াতেই পারেননি। ৮৩ রানে ৭ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে ক্যারিবীয়রা।

সেখান থেকে জেসন হোল্ডার আর রোমারিও শেফার্ড ৫৭ বলে ৮৯ রানের জুটিতে দলকে টেনে তোলেন। শেষ ওভারে এসে আউট হন হোল্ডার, ১ রানের জন্য মিস করেন ফিফটি। ৩১ বলে ৪৯ রানের ইনিংসে ৪টি বাউন্ডারি আর ৩টি ছক্কা হাঁকান তিনি।

ইনিংসের শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে ফিফটি পূরণ করেন শেফার্ড। ৩৭ বলে ৩ চার আর ৪ ছক্কায় তিনি অপরাজিত থাকেন ৫২ রানে।

দক্ষিণ আফ্রিকার লুঙ্গি এনগিদি ৩টি, কাগিসো রাবাদা আর করবিন বসচ নেন ২টি করে উইকেট।

এমএমআর