ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

ইরান যুদ্ধের কারণে দোহায় আইসিসির বৈঠক স্থগিত

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৩:৪৩ পিএম, ১০ মার্চ ২০২৬

চলতি মাসের শেষদিকে কাতারের দোহায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বৈঠক। কিন্তু সেটি আপাতত স্থগিত করা হয়েছে ইরান যুদ্ধের কারণে পশ্চিম এশিয়ায় চলমান সামরিক সংঘাতে।

ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফোর তথ্য অনুযায়ী, আইসিসির অর্থ কমিটি সংক্রান্ত কিছু বৈঠক আগামী কয়েক সপ্তাহের মধ্যে ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। এপ্রিল মাসে সরাসরি বৈঠকের সম্ভাবনা এখনও রয়েছে। তবে সবকিছু নির্ভর করবে আকাশপথ স্বাভাবিকভাবে চালু হওয়া এবং বোর্ড ও কমিটির সদস্যরা নিরাপদে যাতায়াত করতে পারছেন কিনা সেটির ওপর।

তিনটি গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখে আগামী ২৫ থেকে ২৭ মার্চ পর্যন্ত এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেখানে আইসিসি বোর্ডের পরিচালক, বিভিন্ন দেশের প্রধান নির্বাহী, কমিটির সদস্য এবং আইসিসির শীর্ষ নেতৃত্ব অংশ নেওয়ার কথা ছিল। সেই তিনটি বিষয় — গ্লোবাল সম্প্রচার স্বত্ব, আইসিসির পরবর্তী ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) এবং ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের যোগ্যতা নির্ধারণ পদ্ধতি।

উল্লেখ্য, ২০২৭ সালে শেষ হবে আইসিসি ও জিওস্টারের মধ্যে বর্তমান সম্প্রচার চুক্তির মেয়াদ।

ইতোমধ্যেই অনানুষ্ঠানিক আলোচনা শুরু হয়ে গেছে নতুন এফটিপি নিয়ে। ক্রিকেটের পরবর্তী চার বছরের সূচি নিয়ে পরিকল্পনা করতে গিয়ে বিভিন্ন সদস্য একে অপরের সঙ্গে যোগাযোগ করছেন।

প্রথমবারের মতো কাতারে আইসিসির এমন বৈঠক আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল। দেশটিতে ক্রিকেটে অংশগ্রহণের হার ৪৪৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে। তবে বর্তমানে দেশটিতে সীমিত ফ্লাইট চলাচলের কারণে সেখানে বৈঠক আয়োজন করা সম্ভব হয়নি।

পশ্চিম এশিয়ার এই সংকটের প্রভাব পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট সূচিতেও। ১৩ থেকে ২৫ মার্চ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা আফগানিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার সীমিত ওভারের সিরিজ অনির্দিষ্টকালের জন্য স্থগিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আইএন