মিরাজ বুঝতে পেরেছেন কোথায় ব্যাটিং করলে দলের লাভ হবে
ওয়ানডেতে বাংলাদেশের জার্সিতে ওপেনিং থেকে লোয়ার অর্ডার! ১১৪ ম্যাচের ক্যারিয়ারে ১০টি পজিশনের ৯টিতেই ব্যাটিং করেছেন মেহেদী হাসান মিরাজ। ৮ বছরের ক্যারিয়ারে মিরাজ এখন নিজের ব্যাটিংয়ের জন্য ৭ নম্বরকেই আদর্শ মনে করছেন। তার আশা, এই পজিশনে ব্যাটিং করলে দলও উপকৃত হবে।
আগামীকাল (বুধবার) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজ। সাম্প্রতিক সময়ে রান খরায় ভোগা বাংলাদেশ অধিনায়ককে নিজের পারফর্মেন্স নানা নিয়েও প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে।
মঙ্গলবার পাকিস্তানের বিপক্ষে সিরিজ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, ‘আমি বুঝতে পেরেছি যে, আমার ব্যাটিং দলের জন্য কোন জায়গায় সবচেয়ে বেশি কার্যকর হবে এবং ফলাফল আনতে সাহায্য করবে।’
১১৪ ম্যাচে ৮৫টি ইনিংস ব্যাটিং করেছেন মিরাজ। এর মধ্যে ১৬ বার সাত নম্বরে ব্যাটিং করেছেন, যেখানে ১৪.১২ গড়ে রান করেছেন ২২৬। তবে তিনি আট নম্বরে বেশি সফল ছিলেন, সেখানে একটি সেঞ্চুরি ও দুটি ফিফটিসহ ৬৬২ রান করেছেন তিনি।
আট নম্বরে ব্যাটিং করে সফলতা ও অভিজ্ঞতা বেশি থাকলেও দলের জন্য নিজেকে সাত নম্বরেই যোগ্য মনে করছেন মিরাজ। তিনি বলেন, ‘যেহেতু আমার প্রায় আট থেকে নয় বছর একই পজিশনে (সাধারণত আট নম্বরে) ব্যাটিং করার অভিজ্ঞতা আছে, আমি বোলারদের সাথে নিয়ে অনেক ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছি এবং বেশ কিছু ম্যাচ জিতিয়েছি। সে কারণেই আমি মনে করি, আমার অভিজ্ঞতা অনুযায়ী সাত নম্বরে ব্যাটিং করা দলের জন্য খুব সহায়ক হবে।’
মিরাজ বেশ কয়েকবার টপ অর্ডারেও ব্যাটিং করেছেন। ইনিংস ওপেন করতে নেমে তিনি তার দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরিটি করেন। ৪ নম্বরে ৮ ইনিংস ব্যাটিং করে তিন ফিফটিতে ২৭৬ রান করেছেন এই ডানহাতি ব্যাটার। তবে তার শেষ ১০টি ইনিংস, যার বেশিরভাগই ছিল পাঁচ নম্বরে, খুব একটা সফল হয়নি।
মিরাজ আরও যোগ করেন, ‘আমি টপ অর্ডারে ভালো স্কোর করলেও অনেক সময় দল জেতেনি। সেই কারণেই আমি বিশ্বাস করি সাত নম্বর আমার জন্য আরও উপযুক্ত পজিশন এবং এটি দলের অনেক উপকারে আসবে।’
এসকেডি/এমএমআর