সিরিজ জয়ের সঙ্গে র্যাঙ্কিংয়েও উন্নতির হাতছানি বাংলাদেশের
ওয়ানডেতে সাম্প্রতিক ব্যর্থতায় আগামী বিশ্বকাপে সরাসরি খেলাটাই এখন বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ। তবে সেই মিশনে শুরুটা হয়েছে উড়ন্ত। চলতি ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে গুড়িয়ে দাপুটে জয় পেয়েছে টাইগাররা। আজ সিরিজের দ্বিতীয় ম্যাচে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর সোয়া ২টায় পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ জিতলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করবে টাইগাররা। শুধু তাই নয় একই সঙ্গে ওয়েস্ট ইন্ডিজকে টপকে ওয়ানডেতে র্যাঙ্কিংয়ের ৯ নম্বরে উঠে যাবে মেহেদী হাসান মিরাজের দল।
গত বুধবার সিরিজের প্রথম ম্যাচে নাহিদ রানার তোপের মুখেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে নিজেদের সর্বনিম্ন ১১৪ রানে গুটিয়ে যায় তারা। এরপর ২০৯ বল বাকি রেখেই সেটা টপকে যায় টাইগাররা। এমন দাপুটে জয়ের পর ফুরফুরে মেজাজেই আছেন স্বাগতিক ক্রিকেটাররা। পুরো দলের মানসিকতা ও শারীরিক ভাষা বদলে গেছে। আত্মবিশ্বাস ফিরেছে সবার মধ্যে, সবাই খুব উৎফুল্ল আছেন। কোনো অনুশীলন না থাকলেও হোটেলেই ক্রিকেটাররা রিকভারি সেশন করেছেন। এরপর নিজেদের মধ্যে আড্ডা, গল্পে দিন পার করছেন। এরপর রাতে সবাই জিম করেছেন।
এমন উৎফুল্ল বাংলাদেশই আজ পাকিস্তানের মুখোমুখি হবে। যেখানে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নেওয়ার সুবর্ণ সুযোগ আছে মিরাজের দলের সামনে। এর আগে সর্বশেষ ২০১৫ সালে ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল পাকিস্তান। সেবারও ১ ম্যাচ হাতে রেখে সিরিজ জয় এবং তারপর শেষ ম্যাচও জিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছিল টাইগাররা।
এবার অবশ্য শুধু সিরিজ জয় নয়, এটার অনেক মূল্য আছে বাংলাদেশের জন্য। বিশেষ করে আগামী বছর ওয়ানডে বিশ্বকাপ খেলতে হলে আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত স্বাগতিক জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা ছাড়া র্যাঙ্কিংয়ের অন্য শীর্ষ আট দলের মধ্যে থাকতে হবে। আর আজ জিতলেই দশ থেকে নয়ে উঠবে বাংলাদেশ।
৯ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাংলাদেশের রেটিং পয়েন্টের ব্যবধান এখন স্রেফ ১ পয়েন্টের। এই সিরিজটি ২-১ ব্যবধানে জিতলে বাংলাদেশের রেটিং পয়েন্ট হবে ৭৯, ৩-০ ব্যবধানে জিতলে হবে ৮১। র্যাঙ্কিংয়ের ৮ নম্বরে থাকা ইংল্যান্ডের পয়েন্ট ৮৮। বাংলাদেশ যদি এই সিরিজ ২-১ ব্যবধানে হেরে যায়, তাহলে রেটিং পয়েন্ট হবে ওয়েস্ট ইন্ডিজের সমান ৭৭। তবে ভগ্নাংশের ব্যবধানে দশেই থাকবে বাংলাদেশ। ফলে আগামী বিশ্বকাপে সরাসরি খেলার বিবেচনায় এই সিরিজ জিততেই হবে বাংলাদেশকে। আর হোয়াইটওয়াশ করতে পারলে কাজটা আরও এগিয়ে থাকবে।
আজ মাঠে নামার আগে অবশ্য বাংলাদেশ দলে আত্মবিশ্বাসের কমতি থাকার কথা নয়। বিশেষ করে প্রথম ম্যাচে পাকিস্তানি ব্যাটারদের যেভাবে নাচিয়েছেন নাহিদ রানা, তাতে করে সফরকারীরাই বরং আতঙ্কে থাকবে। এছাড়া ১১৪ রান তাড়াতেও তানজিদ হাসান তামিমের ইনিংসও স্বাগতিকদের আত্মবিশ্বাস দিবে। সাম্প্রতিক সময়ে ফর্ম নিয়ে সমালোচনার মুখে পড়া অধিনায়ক মিরাজও ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন। প্রথম ম্যাচে ২৯ রান খরচায় নিয়েছেন ৩ উইকেট। তবে প্রথম ম্যাচে বাংলাদেশের মিডল অর্ডারকে কোনো পরীক্ষা দিতে হয়নি। আজ যদি সেরকম কোনো পরিস্থিতি আছে তাহলে তারা কেমন পারফর্ম করেন সেটাই দেখার বিষয়।
এসকেডি/আইএন