ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

‘কোথায় উন্নতি করতে হবে সেটা খুব ভালো করেই জানি’

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ০৮:৪৭ এএম, ১৩ মার্চ ২০২৬

অধিনায়ক ও ক্রিকেটার হিসেবে সাম্প্রতিক সময়ে বেশ সমালোচিত হচ্ছেন মেহেদী হাসান মিরাজ। পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরুর আগেও সংবাদ সম্মেলনে নিজের পারফরম্যান্স ও অধিনায়কত্বের ভবিষ্যত নিয়ে একাধিক প্রশ্নের উত্তর দিতে হয়েছে তাকে। সিরিজের প্রথম ওয়ানডেতে বুধবার পাকিস্তানকে উড়িয়ে দেয় টাইগাররা। বল হাতে মিরাজও খুব একটা খারাপ করেননি।

যদিও নাহিদের কোটা পূরণ না করা ও রিশাদকে মাত্র ২ ওভার করানোতে সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে। গতকাল রাতে বিসিবির পাঠানো ভিডিওতে নিজের বোলিং নিয়ে মিরাজ বলেন, তিনি জানতেন কোথায় সমস্যা, সেগুলো নিয়ে কাজও করেছেন।

মিরাজ বলেন, ‘আমি বেশ কয়েকদিন ধরেই বোলিং নিয়ে অনেক কাজ করছি। মাঝখানে বোলিং নিয়ে স্ট্রাগল করছিলাম। কোথায় আমার উন্নতি করতে হবে সেটা আমি খুব ভালো করেই জানি। সেটা নিয়ে আমি কাজ করেছি। বিসিএলে দুটো ম্যাচ খেলেছি সেখানেও কাজ করার চেষ্টা করেছি।’

প্রথম ম্যাচে ১০ ওভারে ২৯ রান খরচায় ৩ উইকেট নেন মিরাজ। ওই ম্যাচে নিজের বোলিং পারফরম্যান্স নিয়ে টাইগার অধিনায়ক বলেন, ‘আলহামদুলিল্লাহ কাল (বুধবার) আমার বোলিংয়ের অনেক বেশি কন্ট্রোল ছিল এবং লাইন-লেন্থ অনেক ভালো জায়গায় ছিল। উইকেট অনেক ভালো ছিল। এই উইকেটে লাইন-লেন্থ মেইনটেইন করে বল করতে না পারতাম, রান হয়ে যেত, উইকেটও বের করতে পারতাম না।’

তিনি আরও বলেন, ‘যেহেতু ট্রু উইকেটে খেলছি, স্পিনার উইকেটে ট্রু উইকেটে বল করা বেশ চ্যালেঞ্জিং। যদি ভালো জায়গায় বল করতে পারি, লাইন লেন্থ ঠিক রাখতে পারি, আমার কাছে মনে হয় সফল হওয়ার সুযোগ বেশি থাকবে।’

এসকেডি/আইএন