ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

লিটনের চার ঠেকাতে গিয়ে এক মাসের জন্য ছিটকে গেলেন তালাত

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ০৪:৩২ পিএম, ১৪ মার্চ ২০২৬

যখন পড়ে যান, তখনই বোঝা গিয়েছিল চোটটা গুরুতরই! নিজে উঠতে পারছিলেন না স্ট্রেচার করে অ্যাম্বুলেন্সে তুলতে হয়। এরপর নিয়ে যাওয়া হয় হাসপাতালে। শেষ পর্যন্ত শঙ্কাটাই সত্যি হয়েছে। কাঁধের হাড় সড়ে যাওয়ায় অন্তত তিন থেকে ৪ সপ্তাহ মাঠে বাইরে থাকতে হবে পাকিস্তানি অলরাউন্ডার হুসাইন তালাতকে।

বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচের দ্বিতীয় ইনিংসের ষষ্ঠ ওভারের ঘটনা এটি। মোহাম্মদ ওয়াসিম অফ-স্টাম্পের একটু বাইরে গুড লেন্থের ডেলিভারি করলেন, লিটন দারুণভাবে সেটা অফ-সাইডে পাঞ্চ করলেন। কাভার থেকে সেটা চার হওয়া থেকে বাঁচানোর জন্য ছোটেন পাকিস্তানি ফিল্ডার হুসাইন তালাত। ছুটে গিয়ে বাউন্ডারি লাইনের কাছ থেকে ফ্লিক করে বলটি ভেতরে টেনে পাঠান, তবে শেষ পর্যন্ত সেটা চার হয়ে যায়। বরং তালাত নিজে গুরুতর আহত হন।

বল মাঠের ভিতরে পাঠানোর পর নিজেকে সামলাতে পারেননি তালাত। বাউন্ডারি লাইনের কাছে থাকা গ্যালারির দেওয়ালে আঘাত লাগার পরে ঘুরে পড়ে যান। তখন মাথায় ও ঘাড়ে বাজেভাবে আঘাত পান। ম্যাচ রেফারি, ফিজিও ও মেডিকেল টিম দ্রুত তালাতের কাছে পৌঁছান। কিন্তু আঘাত গুরুতর হওয়ায় তিনি উঠতেও পারছিলেন না।

এরপর প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে স্ক্যানে দেখা যায় যায় তালাতের কাঁধের হাড় সরে গেছে। হাসপাতালে রাতেই তার কাধে অস্ত্রোপচার করা হয়। এরপর সকালে হাসপাতাল থেকে রিলিজ দিলে পাকিস্তানের টিম হোটেলে ফেরেন তালাত। এই সিরিজ তো বটেই অন্তত এক মাস তাকে মাঠের বাইরে থাকতে হবে।

এসকেডি/আইএন