ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

লিটনের পরামর্শেই মিরাজের সেই রিভিউ

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ০৫:৩০ পিএম, ১৬ মার্চ ২০২৬

২ বলে পাকিস্তানের প্রয়োজন ১২ রান। রিশাদ হোসেনের করা ডেলিভারিটি লেগ স্টাম্প দিয়ে বেরিয়ে গেলে আম্পায়ার কুমার ধর্মসেনা ওয়াইডের সংকেত দেন। তবে সঙ্গে সঙ্গে লিটনের প্রতিক্রিয়া বুঝিয়ে দিচ্ছিল এটি ওয়াইড হয়নি। এরপর তারই বুদ্ধিতে রিভিউ নেন বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। যেটা হতে পারতো ২ বলে ১১ রান, সেটা লিটনের বুদ্ধিতে হয়ে গেলো ১ বলে ১২ রান। ম্যাচ শেষে এই রিভিউ নেওয়ার পিছনের গল্প শুনিয়েছেন মিরাজ।

গতকাল শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২৯০ রান তাড়া করছিল পাকিস্তান। শেষ ওভারে হাতে ১ উইকেট নিয়ে দলটির প্রয়োজন ছিল ১৪ রান। আগের ৬ ওভারে ৫৪ রান দেওয়া রিশাদ হোসেনকে আনা হয় আক্রমণে। তবে এবারের ওভার শুরু করেন গুগলি দিয়ে, যেটা পাকিস্তান অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি দেখেশুনেই ডিফেন্স করেন। পরের বলে ক্যাচ তুলে উঠলেও রিশাদ নিজেই সেটি মিস করেন।

তৃতীয় বল থেকে আসে ২ রান, চতুর্থ ডেলিভারিতে আবার গুগলি, রান নেই। পঞ্চম ডেলিভারিতে লেগ স্টাম্পের বাইরে পিচ করে টার্ন করে বেরিয়ে যায় আরও। আম্পায়ার সঙ্কেত দেন ওয়াইডের। তবে লিটন সঙ্গে সঙ্গে বলতে থাকেন ‘আরে ব্যাটে লেগেছে তো।’ এরপর লিটনই গিয়ে অধিনায়ক মিরাজকে রিভিউ নেওয়ার পরামর্শ দেন। যদিও মিরাজ রিভিউ নিলে সেটা কিছুটা বিষ্ময়ের জন্মও দেয়। কারণ আন্তর্জাতিক ক্রিকেটে তো ওয়াইডের রিভিউ নেওয়ার সুযোগ নেই। তবে বাংলাদেশ এদিন লেগ বিফোরের রিভিউ নিয়েই বুদ্ধিমত্তার পরিচয়টা দিয়েছে। কারণ, রিভিউ নেওয়া হলে সেখানে সম্ভাব্য সবকিছুই খতিয়ে দেখা হয়। ফলে ওয়াইডের পরীক্ষাও সেখানেই হয়ে যাওয়ার কথা। রিভিউতে দেখা যায়, টার্ন করে বেরিয়ে যাওয়ার আগে বল লাগে আফ্রিদির ব্যাটে। আল্ট্রা এজে সেটা দেখাও যায়, এরপরই বদলে যায় আম্পায়ারের সিদ্ধান্ত। ওয়াইড বদল করে বৈধ ডেলিভারির সঙ্কেত দেন তিনি।

এতে এক বল আগেই বাংলাদেশের জয় নিশ্চিত হয়ে যায়। ওই বল ওয়াইড হলে ২ বলে বলে ১১ রান লাগতো, সেহেতু সুযোগ তখনও থাকতো পাকিস্তানের। কিন্তু ১ বলে ১২ তো নেওয়া অসম্ভব। এরপরের বলে এগিয়ে এলেও ব্যাটে লাগাতে পারেননি শাহিন। উইকেটের পিছনে বল ধরেই স্টাম্প ভেঙে দেন লিটন কুমার দাস।

ম্যাচের পর অধিনায়ক মিরাজ জানান, লিটন কুমার দাস ও নাজমুল হোসেন শান্তর সঙ্গে আলোচনা করে রিভিউ নিয়েছিলেন তিনি। মিরাজ বলেন, ‘রিভিউ আমরা আলোচনা করে নিয়েছিলাম। লিটন ছিল, শান্ত ছিল। ওরা দুজন বলছিল যে, রিভিউ আছে, আমরা রিভিউ নিয়ে নেই। কারণ আমরা জানি যে, আমাদের দুটি রিভিউ আছে এবং ওটা একটা পরিকল্পনা ছিল আমাদের।’

আর ব্রডকাস্টিং চ্যানেলকে নাজমুল হোসেন শান্ত বলেছেন মিরাজকে প্রথম রিভিউ নেওয়ার কথা বলেন লিটনই। তিনি বলেন, 'লিটন প্রথমে মিরাজকে এই আইডিয়াটা দিয়েছে যে, আমরা রিভিউ নিতে পারি। কারণ, ব্যাটে বল লেগেছিল, আমরা বুঝতে পারছিলাম। ওই সুযোগটা আমরা নিয়েছি। অনেক বড় একটা সময় ছিল। ওই সুযোগটা আমরা কাজে লাগাতে পেরেছি। দারুণ ম্যাচ অ্যাওয়ারনেস এবং ওই বলটা রিভিউ নেওয়ার কারণে আমার মনে হয় আরেকটু সহজ হয়েছে।’

এসকেডি/আইএন