ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

‘বিশ্বকাপে খেলা আমার হাতে নেই’

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৪:৩৪ পিএম, ১৬ মার্চ ২০২৬

চোটের কারণে ক্যারিয়ারজুড়ে একের পর এক কঠিন সময় পার করেছেন নেইমার। চোটের কারণে অনিশ্চিত হয়ে পড়েছে দরজায় কড়া নাড়া বিশ্বকাপে ব্রাজিলের দলে সুযোগ পাওয়া। হাতে নেই আর তিন মাসও। ফিট থাকার পাশাপাশি পারফরম্যান্সও ভালো হওয়া চাই। ফিট থাকলে নেইমারের পারফরম্যান্স যেকোনোভাবে বেরিয়ে আসবে তবে ফিট থাকাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ তার জন্য।

সবশেষ ২০২৩ সালে খেলেছিলেন ব্রাজিলের জার্সি গায়ে। সৌদি লিগে পাড়ি জমিয়েও চোটের কারণে সেখানেও খুব একটা খেলার সুযোগ হয়নি। ফিরে গেছেন শৈশবের ক্লাব সান্তোসে। গত বছরের ডিসেম্বরে বাঁ হাঁটুর চোটে আর্থ্রোস্কোপিক সার্জারি হওয়ায় পুনর্বাসনপ্রক্রিয়ার মধ্যে আছেন।

গতরাতে সান্তোস-করিন্থিয়ানস মুখোমুখি হয়েছিল আরবানো কালদেইরা স্টেডিয়ামে ব্রাজিলের সিরি ‘আ’-এর ম্যাচে। ম্যাচটি ড্র হয় ১-১ গোলে। ম্যাচের ২২ মিনিটে নেইমারের অ্যাসিস্টে গোল করেন সান্তোস স্ট্রাইকার গ্যাব্রিয়েল বারবোসা। ম্যাচ শেষে জাতীয় দলে ফেরার সম্ভাবনা নিয়ে নেইমার বলেন, ‘জাতীয় দলে ফেরার লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। বিশ্বকাপে খেলার খুব ইচ্ছে আমার। তবে সেটা আমার হাতে নেই। এই সিদ্ধান্ত নেবে কোচিং স্টাফ। দলে থাকি বা না থাকি, সব সময়ই জাতীয় দলকে চিয়ার করব।’

আগামী ২৬ মার্চ প্রীতি ম্যাচে ব্রাজিল মুখোমুখি হবে ফ্রান্সের বিপক্ষে। সেই ম্যাচে ব্রাজিলের জার্সিতে ফেরার ইচ্ছাটা নেইমারের তীব্র। কথা বলেছেন ম্যাচের শেষে সেই ম্যাচে নিজের ফেরার সম্ভাবনা নিয়ে। এরপর ১ এপ্রিল প্রীতি ম্যাচ ক্রোয়েশিয়ার বিপক্ষে। এই দুই ম্যাচকে সামনে রেখে আজ দল ঘোষণা করবেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি।

এই দুই ম্যাচ শেষে দেওয়ার কথা রয়েছে বিশ্বকাপের দলও। দুই প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্সের ওপরও কারো কারো কপাল খুলে যেতে পারে। দুই ম্যাচে খেলতে পারলে নেইমারেরও সম্ভাবনা রয়েছে বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার।

দীর্ঘ ২৪ বছর আগে ২০০২ সালে সবশেষ বিশ্বকাপ জিতেছে ব্রাজিল। এরপর আর ফাইনালে ওঠা হয়নি দলটির। ২০১৪ সালে ঘরের মাঠে সেমিতে উঠলেও জার্মানির কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হয় সেলেসাওরা।

আইএন