ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

পিএসএলে দুই ম্যাচ নিষিদ্ধ ফাখর জামান

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১০:১৪ পিএম, ৩১ মার্চ ২০২৬

বল টেম্পারিংয়ের দায়ে ফাখর জামানকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) কর্তৃপক্ষ। ফলে লাহোর কালান্দার্সের এই ওপেনার দলটির পরবর্তী দুটি গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না।

রোববার রাতে করাচি কিংসের বিপক্ষে চার উইকেটের পরাজয়ের ম্যাচে বলের আকৃতি পরিবর্তনের অভিযোগে দোষী সাব্যস্ত হন ফাখর জামান। বিষয়টি নিয়ে শুনানি শেষে ম্যাচ রেফারি রোশন মাহানামা সিদ্ধান্ত দেন যে, ফাখর বল টেম্পারিং করেছেন এবং পিএসএলের আচরণবিধির ৪১.৩ অনুচ্ছেদ ভঙ্গ করেছেন।

প্রথমবারের মতো লেভেল-৩ অপরাধে দোষী সাব্যস্ত হওয়ায় নিয়ম অনুযায়ী সর্বনিম্ন এক ম্যাচ থেকে সর্বোচ্চ দুই ম্যাচ নিষেধাজ্ঞার বিধান রয়েছে। ফাখরের ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তিই প্রয়োগ করা হয়েছে, কারণ তিনি শুরুতে অভিযোগ অস্বীকার করেছিলেন, ফলে আনুষ্ঠানিক শুনানির আয়োজন করতে হয়।

ঘটনাটি সামনে আসে ম্যাচের শেষ ওভারের শুরুতে। তখন কিংসের রান তাড়া চলছিল। বলটি হারিস রউফের হাতে থাকার পর শাহিন শাহ আফ্রিদি ও ফাখর জামানের মধ্যে আদান-প্রদান হয়। এরপর অন-ফিল্ড আম্পায়ার ফয়সাল আফ্রিদি বলটি পরীক্ষা করতে চান এবং অন্য আম্পায়ার শরফদ্দৌলা ইবনে শহিদ সৈকতের সঙ্গে দীর্ঘ আলোচনার পর বলটি পরিবর্তনের সিদ্ধান্ত নেন। আম্পায়াররা মনে করেন বলটি টেম্পার করা হয়েছে।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে জানায়, শুনানিতে ফাখর জামানকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয় এবং সেখানে শাহিন শাহ আফ্রিদি, দল পরিচালক সামিন রানা এবং টিম ম্যানেজার ফারুক আনোয়ারও উপস্থিত ছিলেন।

নিয়ম অনুযায়ী, লিখিত রায় পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে পিএসএলের টেকনিক্যাল কমিটির কাছে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে ফখরের।

এই নিষেধাজ্ঞার ফলে ফাখর জামান ৩ এপ্রিল মুলতান সুলতান্স ও ৯ এপ্রিল ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে লাহোর কালান্দার্সের ম্যাচে খেলতে পারবেন না, যা দলের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

আইএইচএস/