ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

সিঙ্গাপুরের বিপক্ষে হারটা মেনে নেওয়া কঠিন: ক্যাবরেরা

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ১০:০২ পিএম, ৩১ মার্চ ২০২৬

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে হারটি মেনে নিতে পারছেন না বাংলাদেশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। তার চোখে এই ম্যাচটিতে সেরা ফুটবল খেলেছেন তার শিষ্যরা। অন্তত এক পয়েন্ট পাওয়া উচিত ছিল বলে মনে করেন এই স্প্যানিশ।

মঙ্গলবার ম্যাচের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ক্যাবরেরা বলেছেন, ‘আজকের ফলাফলটি মেনে নেওয়া খুবই কঠিন। সম্ভবত পুরো গ্রুপ পর্বে এটাই ছিল আমাদের সেরা পারফরম্যান্স। আমি নিশ্চিতভাবেই মনে করি, আজ জয় বা অন্তত এক পয়েন্ট পাওয়ার যোগ্য ছিল আমাদের দল। আমি খেলোয়াড়দের নিয়ে অত্যন্ত গর্বিত, এটাই আসল কথা। মাঝে মাঝে আমরা কিভাবে হারছি সেটাও আমার কাছে গুরুত্বপূর্ণ। আজ আমরা যেভাবে হেরেছি, তাতে এই দলের জন্য আমি অনেক অনেক গর্ব বোধ করছি। বল পায়ে থাকুক বা না থাকুক- পুরো ম্যাচজুড়ে আমাদের আধিপত্য ছিল। তাই আজকের পারফরম্যান্সের জন্য আমি দলকে অভিনন্দন জানাই।’

এপ্রিলেই বাফুফের সাথে শেষ হবে ক্যাবরেরার চুক্তি। এই স্প্যানিশ কোচের ভাগ্যে কি আছে তা বলা মুশকিল। দায়িত্ব চালিয়ে যাওয়ার আগ্রহ আগেই দেখিয়েছেন ক্যাবরো। তবে তিনিও জানেন না কি হতে চলেছে। এ বিষয়ে কোচ বলেন, ‘দেখা যাক কী হয়। এখনো এক মাস সময় বাকি আছে। আমার পরামর্শ হলো- এভাবেই চালিয়ে যাওয়া উচিত। সত্যি বলতে, কে দায়িত্বে আছেন সেটা বড় কথা নয়। আমার মনে হয় সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং দলকে কিছুটা দূরদর্শী দৃষ্টিভঙ্গি দিয়ে দেখা জরুরি। আমি মনে করি দলের উন্নতিটা দৃশ্যমান। আমার অধীনে ইতিবাচক ফলাফলটাই পাইনি। সুতরাং, আমি মনে করি ফেডারেশনের উচিত এই খেলোয়াড়দের ওপর আস্থা রাখা এবং পাশাপাশি তরুণ খেলোয়াড়দের সুযোগ দিয়ে দলকে নতুন করে সাজানো। যারা অনূর্ধ্ব-২০ সাফে খেলছেন খুব ভালো করছে। খেলোয়াড়দের উৎসাহিত করা এবং তুলে আনার প্রক্রিয়াটা চালিয়ে যেতে হবে। আমার বিশ্বাস, খুব শীঘ্রই আমরা এই ধরনের ম্যাচগুলো জিততে শুরু করব যা আজ জিততে পারিনি।’

সবাইকে ইতিবাচক থাকার পরামর্শ দিয়ে ক্যাবরেরা বলেছেন, ‘আমাদের ইতিবাচক থাকতে হবে। অনেক কিছুই বদলে যাচ্ছে। আমি মনে করি মাঠের খেলায় আমাদের গুণগত মান এখন স্পষ্ট। আমরা আরও অভিজ্ঞতা অর্জন করছি এবং আরও পেশাদার হয়ে উঠছি। খেলোয়াড়রা এখন জানে কিভাবে খেলার গতি নিয়ন্ত্রণ করতে হয়। আমরা এখন অতিরিক্ত উত্তেজিত হয়ে পড়ি না। অনেক ভালো দিক আছে। সিঙ্গাপুরের মতো দলগুলোর এমন কিছু সক্ষমতা আছে যে তারা মাত্র একটা সুযোগ পায় এবং সেটা থেকেই গোল করে ফেলে। আমাদের এখনো সেখানে কিছুটা অভাব আছে। আমরা যদি এই জায়গাটুকুতে উন্নতি করতে পারি তাহলে সম্ভবত আগামী কয়েক বছরের মধ্যে ফিফা র‍্যাংকিংয়ে ২০-৩০ ধাপ এগিয়ে থাকতে দেখা যাবে।’

বাছাই পর্বের ৬ ম্যাচে বাংলাদেশ জিতেছে একটি ম্যাচ আর ড্র করেছে দুটি। ক্যাবরেরা পুরো মিশন বিশ্লেষণ করে বলেছেন, ‘বাছাইপর্বের পুরো গ্রুপ পর্ব জুড়েই আমরা কোনো দলের চেয়ে খারাপ খেলিনি। বরং অনেক ম্যাচেই আমরা প্রতিপক্ষের চেয়ে ভালো খেলেছি; কিন্তু বাস্তবতা হলো, আমরা মাত্র পাঁচ পয়েন্ট নিয়ে গ্রুপ শেষ করেছি। আমি বলছি না যে সিঙ্গাপুর এশিয়ান কাপে খেলার যোগ্য নয়। তবে আজকের ম্যাচে যে বাংলাদেশই শ্রেষ্ঠতর দল ছিল, তা নিয়ে কোনো সন্দেহ নেই।’

আরআই/আইএইচএস/