ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

সন্ধ্যায় বিসিবিতে যাবেন তামিম, সাড়ে ৬টায় নতুন কমিটির মিটিং

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৫:২৮ পিএম, ০৭ এপ্রিল ২০২৬

আজ মঙ্গলবার বিকেল ৪টা নাগাদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটি ঘোষণা করা হয়। ১১ সদস্যের কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তামিম ইকবাল খান।

আজই সন্ধ্যা ৬টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির অফিসে যাবে তামিমের নেতৃত্বে নতুন অ্যাডহক কমিটি। সন্ধ্যা সাড়ে ৬টায় মিটিংয়ে বসবে নতুন কমিটি।

এর আগে গত বছরের নির্বাচনে নানা অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ। গত রোববার তদন্ত প্রতিবেদন জমা দেয় কমিটি। সেই প্রতিবেদনে নানা অনিয়ম প্রমানিত হওয়ায় আমিনুল ইসলাম বুল্বুলের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ।

এরপর তামিম ইকবালকে সদস্য করে ১১ সদ্যসের অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আরও আছেন মিনহাজুল আবেদীন নান্নু, আতহার আলী খান, ফাহিম সিনহা, রফিকুল ইসলাম বাবু, সালমান ইস্পাহানি, তানজিল চৌধুরী, ইসরাফিল খসরু, সৈয়দ ইব্রাহিম আহমেদ, মির্জা ইয়াসির আব্বাস ও রুশনা ইমাম।

নতুন এই অ্যাডহক কমিটি আগামী তিন মাসের জন্য বিসিবির কার্যক্রম পরিচালনা করবে। একই সঙ্গে এই সময়ের মধ্যেই একটি নতুন নির্বাচিত কমিটি গঠনের জন্য নির্বাচন আয়োজন করার দায়িত্বও তাদের ওপর থাকবে।

এসকেডি/এআরবি/এমএমআর