ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

২১১ নম্বর দলের বিপক্ষে প্রীতি ম্যাচ, বাফুফে বলছে ‘ঐতিহাসিক’

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৬:১৮ পিএম, ০৭ এপ্রিল ২০২৬

দীর্ঘ ২৫ বছর পর ইউরোপের কোনো দেশের বিপক্ষে আন্তর্জাতিক ফুটবল ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ। আগামী ৫ জুন সান মারিনোর বিপক্ষে ম্যাচ খেলবে তাদেরই মাটিতে। এর আগে ২০০১ সালের জানুয়ারিতে ভারতে অনুষ্ঠিত মিলেনিয়াম সুপার সকার কাপে ইউরোপের দেশ বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা ও যুগোস্লোভিয়ার বিপক্ষে দুটি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার বিপক্ষে ২-০ ও যুগোস্লোভিয়ার বিপক্ষে ৪-১ গোলে হেরেছিল।

তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) দাবি করেছে, ইউরোপীয় কোনো জাতীয় দলের বিপক্ষে এটিই হবে বাংলাদেশের প্রথম অফিশিয়াল ম্যাচ। শুধু তা–ই নয়, এই প্রথম বাংলাদেশের ফুটবলাররা ইউরোপের মাটিতে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবেন। দুটি তথ্যই ভুল।

এর আগে বাংলাদেশ ইউরোপের মাটিতে আন্তর্জাতিক ম্যাচ খেলেছে ২০০০ সালে ইংল্যান্ডের লেস্টার সিটিতে ভারতের বিপক্ষে। সেই প্রীতি ম্যাচে ১-০ গোলে হেরেছিল বাংলাদেশ।

গত ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়ে এএফসি এশিয়ান কাপ বাছাই শেষ করেছে বাংলাদেশ। সান মারিনোর বিপক্ষে ম্যাচ দিয়ে আবার আন্তর্জাতিক ফুটবল মাঠে নামবেন হামজা-শামিতরা। সান মারিনো ইউরোপের দেশ হলেও কাগজ-কলমে সবচেয়ে খর্বশক্তির। সর্বশেষ র্যাংকিংয়ে দেশটির অবস্থান সবার নিচে, ২১১ নম্বরে।

তবে বিশ্বের সর্বনিম্ব র্যাংকিংয়ের ও বাংলাদেশের চেয়ে ৩০ ধাপ পিছিয়ে থাকা দলের বিপক্ষে ম্যাচ ঠিক করে বাফুফে বিজ্ঞপ্তি দিয়ে সেটাকে ‘ঐতিহাসিক’ বলেছে। বাফুফে বাংলাদেশ-সান মারিনো ম্যাচটিকে দুই দেশের মধ্যে ফুটবলীয় সম্পর্ক উন্নয়নের একটি বড় সুযোগ হিসেবেও দেখছে।

আরআই/এমএমআর