ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

বিদ্যুৎ সাশ্রয় করতে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজে সূচি বদল

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ০৯:২৭ পিএম, ০৮ এপ্রিল ২০২৬

গেল কয়েকদিন ধরেই পুরো দেশে জালানি তেলের সংকট দেখা দিয়েছে। ইরান-আমেরিকা যুদ্ধের কারণে এই সংকট। সরকার শুরু থেকেই বিদ্যুৎ সাশ্রয় ও অপচয় রোধে সবাইকে উৎসাহ দিয়ে আসছে। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) সরকারের বিদ্যুৎ সাশ্রয়ের উদ্যোগে অংশ নিচ্ছে।

বিদ্যুৎ সাশ্রয়ে আসন্ন নিউজিল্যান্ড সিরিজের সূচিতে বদল আনা হচ্ছে। বুধবার মিডিয়া ব্রিফিংয়ে বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল জানান, কিউইদের বিপক্ষে বাংলাদেশের সিরিজের ম্যাচগুলো যত কম সময় ফ্ল্যাডলাইটে খেলানো যায় সেই চেষ্টা করা হবে।

তামিম বলেন, ‘আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, বাংলাদেশ সরকার সবাইকে বিদ্যুৎ সাশ্রয়ে উৎসাহ দিচ্ছে। একটি দেশ হিসেবে আমরা যতটা সম্ভব বিদ্যুৎ সাশ্রয় করতে পারি এবং সবাই মিলে এতে সহযোগিতা করতে পারি—এই বিষয়টি মাথায় রেখেই নিউজিল্যান্ড সিরিজের ম্যাচগুলোর সময়সূচি পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা চেষ্টা করব যতটা সম্ভব কম সময় ফ্লাডলাইটের নিচে খেলা আয়োজন করতে।’

সূচি অনুযায়ী, বাংলাদেশ-নিউজিল্যান্ডের আসন্ন ওয়ানডে সিরিজের ম্যাচগুলো শুরু হওয়ার কথা দুপুর ২টায়। আর সন্ধ্যা ৬টায় শুরু হওয়ার কথা টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ। এখনই নির্দিষ্ট করে বলতে না পারলেও বিসিবি সভাপতি ধারণা দিয়েছেন, ঠিক কত ঘণ্টা এগিয়ে আনা হবে ম্যাচের শুরুর সময়।

তামিম বলেন, ‘ম্যাচগুলো দিনের বেলায় শুরু করার পরিকল্পনা করা হচ্ছে। যদিও এখনই নির্দিষ্ট সময় নিশ্চিত করে বলা যাচ্ছে না, তবে একটি ধারণা দিতে পারি—ওয়ানডে ম্যাচগুলো হয়তো সকাল ১১টা বা সাড়ে ১১টার দিকে শুরু হতে পারে। আর টি-টোয়েন্টি ম্যাচগুলো বিকেল ২টা বা আড়াইটার দিকে শুরু হওয়ার সম্ভাবনা আছে। তবে সঠিক সময়সূচি আগামী কয়েক দিনের মধ্যেই জানিয়ে দেওয়া হবে। আমাদের লক্ষ্য থাকবে—যদি ফ্লাডলাইট ব্যবহার করতেই হয়, তাহলে যেন তা যতটা সম্ভব কম ব্যবহার করা যায় এবং এতে করে যতটা সম্ভব বিদ্যুৎ সাশ্রয় করা যায়।’

বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের উদ্যোগে অংশ নেওয়াটা সবার দায়িত্ব বলে মনে করছেন বিসিবির নতুন সভাপতি, ‘সরকার যখন সবাইকে বিদ্যুৎ সাশ্রয়ে উৎসাহ দিচ্ছে, তখন ক্রিকেট বোর্ড, ক্রিকেটার ও সংশ্লিষ্ট সবাই মিলে আমাদেরও দায়িত্ব আছে এই উদ্যোগে অংশ নেওয়ার। সেই ভাবনা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এসকেডি/এমএমআর