ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

রোনান সুলিভানদের জন্য নতুন বিদেশি কোচ খুঁজছে বাফুফে

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৯:১০ পিএম, ১২ এপ্রিল ২০২৬

এক মাসের চুক্তিতে আয়ারল্যান্ডের মার্ক কক্সকে অনূর্ধ্ব-২০ দলের প্রধান কোচের দায়িত্ব দিয়েছিল বাফুফে। এই আইরিশ কোচের অধীনে বাংলাদেশ ধরে রেখেছে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা। সফলভাবে সংক্ষিপ্ত দায়িত্ব পালন করে ফিরে গেছেন কক্স।

আগামী বছর চীনে অনুষ্ঠিতব্য এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাই হবে এ বছরই। এ মাসের শেষ দিকে হবে ড্র অনুষ্ঠান। তখন জানা যাবে বাংলাদেশের প্রতিপক্ষ কারা হবে। বাফুফে বাংলাদেশ গ্রুপের আয়োজক হওয়ার জন্য এএফসির কাছে আবেদন করেছে।

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন হওয়ার পর বাফুফের চোখ এখন এশিয়ান কাপে খেলা। তাইতো বাছাই পর্ব অতিক্রম করতে যুব ফুটবল দলকে ভালোভাবে প্রস্তুত করতে চায়। বাফুফে এখন যুব দলের জন্য একজন বিদেশি কোচই খুঁজছে। রোববার বাফুফের ডেভেলপমেন্ট কমিটির সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভা শেষে বাফুফের সহসভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদি বলেছেন, ‘আমরা এবার বয়সভিত্তিক দলগুলোর জন্য অর্থাৎ ইয়ুথ এবং গ্রাসরুট ফুটবলের জন্য কোচ নিয়োগ করতে যাচ্ছি। এরই মধ্যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায় থেকে আবেদন আহ্বান করছি। চেষ্টা করব এপ্রিলের ভেতরেই কোচ নির্বাচন করতে। মে মাসের মাঝামাঝি থেকেই তিনি দায়িত্ব নিতে পারেন। সেইসঙ্গে আমরা আমাদের যারা ফেডারেশনের কোচ আছেন তাদেরকে দিয়ে আমরা অনূর্ধ্ব-১৭ এবং অনূর্ধ্ব-২০-র জন্য একটা শক্তিশালী কোচিং স্কোয়াড তৈরি করতে চাচ্ছি।’

মার্ক কক্সের অধীনেই চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। তবে তাকে কেন বিবেচনা করা হচ্ছে না। এমন প্রশ্নের জবাবে বাফুফের এই সহসভাপতি বলেন, ‘মার্ক কক্সের সঙ্গে এক মাসের চুক্তি ছিল। এই সময়টা তিনি খুব সফলতার সঙ্গে সম্পন্ন করেছেন। আমরা তাকে মূল্যায়ন করেছি। যাওয়ার সময় আমরা তাকে আরও অনুপ্রেরণামূলক ইনসেন্টিভ দিয়েছি। তো একমাস পরে আমাদের কোচ নিতে হতো। যদি মার্ক কক্সকেও নিতে হয় ওটা একটা প্রক্রিয়াতে যেতে হবে।’

মার্ক কক্সকে নিয়ে সার্টিফিকেট জালিয়াতির মতো কিছু নেতিবাচক কথা উঠেছে। এ বিষয়ে নাসের শাহরিয়ার জাহেদি বলেন, ‘কক্সের বায়োডাটাতে কখনোই বলেন নাই তিনি প্রো লাইসেন্স হোল্ডার। বলেছেন তিনি ‘এ’ গ্রেড লাইসেন্স হোল্ডার। এটা আসলে একটু ভুল বোঝাবুঝি ছিল।’

আরআই/আইএইচএস/