চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফ
জুভেন্টাসকে বিধ্বস্ত করল গ্যালাতাসারে
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফের প্রথম লেগে দারুণ প্রত্যাবর্তনের ম্যাচে ইতালির জুভেন্টাসকে ৫-২ ব্যবধানে হারিয়ে শেষ ষোলোয় ওঠার পথে বড় সুবিধা নিয়েছে তুরস্কের ক্লাব গ্যালাতাসারে। ইস্তাম্বুলের র্যামস পার্কে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে ঝড় তোলে স্বাগতিকরা।
ম্যাচের শুরুটা ভালোই করেছিল গ্যালাতাসারে। ১৫তম মিনিটে গ্যাব্রিয়েল সারার গোলে এগিয়ে যায় তারা। তবে মাত্র এক মিনিট পরই সমতা ফেরান জুভেন্টাসের টিউন কুপমেইনার্স। প্রথমার্ধের শেষ দিকে আবারও গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন তিনি। ফলে বিরতিতে এগিয়ে ছিল ইতালিয়ান জায়ান্টরা।
কিন্তু দ্বিতীয়ার্ধে বদলে যায় ম্যাচের চিত্র। বিরতির চার মিনিট পর কাছ থেকে গোল করে সমতা ফেরান নোয়া ল্যাং। এরপর ৬০তম মিনিটে দাভিনসন সানচেস গোল করে গ্যালাতাসারেকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন।
জুভেন্টাসের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে যায় যখন দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামার মাত্র ২২ মিনিট পর লাল কার্ড দেখে মাঠ ছাড়েন হুয়ান কাবাল। ১০ জনের দলে পরিণত হওয়ার পর রক্ষণ সামলাতে হিমশিম খেতে থাকে তারা।
এই সুযোগে আক্রমণের চাপ বাড়ায় গ্যালাতাসারে। জুভেন্টাসের ডিফেন্সের ভুলের সুযোগ নিয়ে নিজের দ্বিতীয় গোল করেন নোয়া ল্যাং। এরপর ৮৬তম মিনিটে কোণাকুণি শটে গোল করে জয় নিশ্চিত করেন সাশা বোয়ে।
এই জয়ের ফলে দ্বিতীয় লেগের আগে তিন গোলের বড় ব্যবধানে এগিয়ে থাকল গ্যালাতাসারে। আগামী সপ্তাহে তুরিনে অনুষ্ঠিতব্য ম্যাচে তারা ২০১৪ সালের পর প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় ওঠার লক্ষ্য নিয়ে মাঠে নামবে।
আইএইচএস/